জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছরের থেকেও খারাপ। দীপাবলির পরের সকালে ভয়াবহ ও বিষাক্ত ধোঁয়াশার চাদরে ঢেকে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল। তথ্য বলছে, দীপাবলির রাতে দেদার বাজি ফাটানোর ফলে রাজধানীর বায়ুর গুণমান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) বাড়ল রেকর্ড পরিমাণ। গত বছরের তুলনায় যা প্রায় ৬৯ শতাংশ বেশি। দিল্লি-সহ নয়ডা ও গুরগাঁও অঞ্চলেও দূষণের মাত্রা মারাত্মক হওয়ায় সাধারণ বিপর্যস্ত মানুষের জনজীবন।
রবিবার সকালেও দিল্লির গড় একিউআই ছিল ৬৬৩। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় গভীর রাতে। রাত ১টা ৩১ মিনিটে দিল্লির কোনও কোনও এলাকায় একিউআই-এর মাত্রা লাফিয়ে পৌঁছে যায় ১,৩৩১-এ। দীপাবলির আগেই দিল্লির বাতাসের গুণমান এমনিতেই 'খরাপ' থেকে 'অত্যন্ত খারাপ' পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সিপিসিবি-র তথ্য অনুযায়ী একিউআই ছিল ৩৭৬। এরপর দীপাবলির বাজির ধোঁয়া সেই পরিস্থিতিকে আরও মারাত্মক করে তুলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, একদিকে যানবাহনের ধোঁয়া, ধূলিকণা, সঙ্গে বাজির ধোঁয়া ও সূক্ষ্ম কণা বাতাসে আটকে থাকার কারণেই বায়ু দূষণের মাত্রা লাগামছাড়া। তার সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে খড় পোড়ানোর ধোঁয়াও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দিল্লিতে লাগাতার দূষণ বৃদ্ধির জেরে গত ৬ নভেম্বর থেকেই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা 'গ্রাপ' (GRAP)-এর তৃতীয় স্তরের নিষেধাজ্ঞা জারি রয়েছে রাজধানীতে।
এখন বিষাক্ত ধোঁয়াশা ও কুয়াশার চাদরে গোটা শহর ঢেকে যাওয়ায়, আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) তথ্য অনুযায়ী, দীপাবলির পর দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) বায়ুর গুণমান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে। দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৩৭৬-এ গিয়ে ঠেকেছে, যা'খুব খারাপ' ক্যাটাগরির অন্তর্ভুক্ত।
বায়ুদূষণের এই বিপজ্জনক পরিস্থিতির কারণে শিক্ষা দপ্তর, দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হাইব্রিড মোডে করার নির্দেশ করার অনুমতি দেওয়া হয়েছে। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই চলবে পঠনপাঠন। যাতে শিশুরা মারাত্মক দূষণের হাত থেকে সুরক্ষিত থাকে, সেই কারণই এই ব্যবস্থা।
অভিভাবকরা যদিও দূষণের তীব্রতা দেখে ১০ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত স্কুল সম্পূর্ণ বন্ধ রাখার জোরালো দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রতি বছর এই সময়ে দূষণের কারণে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ায় শিশুদের পড়াশোনা ব্যাহত হয়। তাই আগাম পরিকল্পনা করে ছুটির তালিকা বা অনলাইন ক্লাসের রুটিন তৈরির দাবি তুলেছেন তাঁরা। তবে সম্পূর্ণ স্কুল বন্ধ রাখার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)