জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনা। খালে উলটে গেল নৌকা। নিখোঁজ চার যুবক। পুলিস জানিয়েছে, প্রতিমা বিসর্জনের সময় সাত আরোহী নৌকা নিয়ে খালে নামে। আচমকা নৌকাটি উলটে যায়। নৌকায় তিন জন সাঁতার জেনে কোনওমতে পাড়ে উঠে প্রাণ বাঁচান। কিন্তু দুর্ভাগ্যবশত বাকি চারজন জলের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যান। ঘটনাটি ঘটে রাজস্থানের কোটায় কোটরি খালে গত মঙ্গলবার।
দুর্ঘটনার খবর পেয়েই খালে জোরদার উদ্ধার অভিযান শুরু করে পুলিস। নিখোঁজ চারজনের খোঁজে নামানো হয়েছে পেশাদার ডুবুরি এবং জরুরি বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদের। পুলিস নিখোঁজদের নাম-পরিচয় সংগ্রহ করেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালানো হচ্ছে।
কোটার পুলিস সুপার (এসপি) তেজস্বিনী গৌতম জানান, ক্যানেল রোডে প্রতিমা বিসর্জনের সময়ে সাত জনকে নিয়ে নৌকাটি খালে নামে। কিন্তু আচমকা ডুবে যায়। তিন জন সাঁতরে তীরে পৌঁছতে যান। তবে বাকিরা তলিয়ে যান। এসপি বলেন, 'আমাদের উদ্ধারকারী দল নিখোঁজদের খুঁজতে জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে। নৌকায় থাকা কয়েক জনের নাম আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমাদের প্রথম ও প্রধান অগ্রাধিকার হল নিখোঁজ চার জনকে নিরাপদে উদ্ধার করা।'
এই মর্মান্তিক ঘটনার পর জেলা প্রশাসনের তরফে নাগরিকদের কাছে একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে। প্রশাসনের জানিয়েছে, প্রতিমা বিসর্জনের জন্য নির্দিষ্ট কিছু ঘাট বা জায়গা চিহ্নিত করা রয়েছে। সেই সব নির্ধারিত জায়গায় দুর্ঘটনার জন্য বোট, প্রশিক্ষিত ডুবুরি এবং ইর্মাজেন্সি উদ্ধারকারী দল মোতায়েন থাকবে।
পুলিস সুপার স্পষ্ট করে জানান, পুরো খালের প্রতিটি জায়গায় উদ্ধারকারী দল বা পরিকাঠামো মোতায়েন রাখা সম্ভব নয়। সেই কারণেই যে কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে ও সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রশাসন সকলকে কেবল নির্ধারিত নির্দিষ্ট স্থানগুলোতেই প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য কড়া নির্দেশ ও আবেদন জানিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)