জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্ঘটনার কবলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সাংসদের কনভয়ের কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশকিছু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনায় কনভয়ের পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। তবে রাহুল গান্ধী নিরাপদ রয়েছেন।
তিনি লখনউ থেকে সুলতানপুরে একটি মানহানির মামলায় আদালতের শুনানিতে যোগ দিতে যাচ্ছিলেন। সামনের গাড়িটি হঠাৎ ব্রেক কষায় পরপর ৫টি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে ধাক্কা লাগে। তবে এই ঘটনায় বিরোধী দলনেতা সম্পূর্ণ সুরক্ষিত আছেন। কয়েকজনের সামান্য চোট লেগেছে। হালিয়াপুর থানা এলাকার ৯১ নম্বর মাইলস্টোনের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।
News Alert! Rahul Gandhi's convoy involved in minor collision on Purvanchal Expressway in UP; Cong leader safe, none seriously hurt: Police. https://t.co/CF1hyGhZqq
— Press Trust of India (@PTI_News) October 26, 2026
দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক্সপ্রেসওয়ের ডান দিকের দ্রুতগতির লেনে চলছিল অ্যাম্বুল্যান্সটি। অন্যদিকে, একাধিক গাড়ি পাশাপাশি অন্য লেনগুলিতে চলছিল। সংঘর্ষের জেরে একটি স্করপিও গাড়ির সামনের বনেট দুমড়ে যায়। ফুটেজে দেখা গিয়েছে, সংঘর্ষের পর গাড়িটি অ্যাম্বুল্যান্সের সামনে থেমে যায়।
সুলতানপুরের পুলিস সুপার জানিয়েছেন, রাহুলের কনভয় অনুসরণ করে যাচ্ছিল কংগ্রেস নেতাদের চারটি গাড়ি। সেই গাড়িগুলি তাঁদের নিজস্ব। সূত্রের খবর, সেই গাড়িগুলির একটির চালক আচমক ব্রেক কষায় বিপত্তি হয়। তারপরই পরপর ধাক্কা খায় গাড়িগুলি। পরপর গাড়ি ধাক্কা খাওয়ার পর, এক্সপ্রেসওয়েতে কিছুক্ষণ আতঙ্ক এবং বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। আহতদের জন্য সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)