ট্রেনে বসে ঝমঝমিয়ে মোবাইল বাজালে কপালে ঘোর দুর্ভোগ, হতে পারে মোটা টাকা জরিমানা, এমনকি জেলও
Rail News: ট্রেনে পাশে বসে মোবাইল বাজাবেন, সেদিন আর নেই। টিটিকে খবর দিলেই আপনার বারোটা বাজবে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রেনে পাশে বসে ঝমঝমিয়ে মোবাইল বাজিয়ে রিল দেখবেন, সেই জমানা আর নেই। কেউ অভিযোগ করলে নতুন আইনে আমনাকে দিতে হবে মোটা টাকা জরিমানা। ভারতীয় রেল স্পষ্ট জানিয়ে গিয়েছে হেডফোন ছাড়া মোবাইলে গান শুনলে বা মোবাইলে চিত্কার করে কথা বললে মোটা ফাইন দিতে হবে। কোনও কোনও ক্ষেত্রে জেল পর্যন্ত হতে পারে।
রেলের এমন পদক্ষেপের পেছনে রয়েছে ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ধারা ১৪৫(২)। সেখানে বলা হয়েছে যাত্রীদের বিরক্তি বা উপদ্রব সৃষ্টি করলে কড়া শাস্তি হবে। ওই ধারা অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলাই ছিল কিন্তু কী শাস্তি হবে তা বলা ছিল না। ২০২৬ সালের জন বিশ্বাস আইনে সেই নিয়মটির বদল হয়েছে।
নতুন আইন অনুযায়ী, কেউ উপদ্রব সৃষ্টি করতে গিয়ে ধরা পড়লে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। এমনকি উপদ্রবকারীর টিকিটও বাতিল হতে পারে। ট্রেন থেকে তাকে নামিয়ে দেওয়া হতে পারে।
টিটি বা রেলের অন্য কোনও কর্তার কথা যারা উপেক্ষা করেন, তাদের জন্য আরও কঠোর শাস্তির বিধান রয়েছে। তাদের ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। হেডফোন ব্যবহার করা অনুমোদিত। যতক্ষণ পর্যন্ত অন্য কারও অসুবিধা না হচ্ছে, ততক্ষণ ভিডিও দেখা, গান শোনা এবং কল করা সম্পূর্ণ স্বাভাবিক ও বৈধ থাকবে।
দক্ষিণ রেলওয়ের তরফে একটি পদক্ষেপ করা হয়েছে। সেখানে বলা হয়েছে সস্তা ইন্টারনেটের কারণে ট্রেনে এবং স্টেশনে স্পিকার অন করে ভিডিও ও গান শোনার প্রবণতা মারাত্মকভাবে বেড়ে গেছে। ট্রেন ও স্টেশনের কর্মীদের আঞ্চলিক ভাষা, হিন্দি এবং ইংরেজিতে নিয়মিত ঘোষণা দিতে বলা হয়েছে, যাতে যাত্রীরা ইয়ারফোন ব্যবহার করেন এবং ফোনে কথা সংক্ষিপ্ত ও নিচু স্বরে রাখেন। ২০১২ সালে রেলওয়ে বোর্ড কোচে জোরে ফোনে কথা বলা, দীর্ঘক্ষণ কল করা এবং উচ্চস্বরে রিংটোন বাজানোর বিরুদ্ধে নির্দেশিকা জারি করেছিল। তবে বর্তমান পার্থক্যের বিষয়টি হল, এখন উপদ্রবের এই বিধানের সঙ্গে স্পষ্ট শাস্তির
ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।
যারা বিরক্ত হচ্ছেন তারা কী করবেন
যেসব যাত্রী বিরক্ত হচ্ছেন, তারা টিটিই-কে জানাতে পারেন। রেলওয়ের হেল্পলাইন নম্বর ১৩৯-এও কল করতে পারেন অথবা রেলওয়ের অ্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়া অভিযোগ জানানোর মাধ্যম হিসেবে 'রেলমদদ' পোর্টালেও জানাতে পারেন। অপরাধীর সঙ্গে সরাসরি তর্কে না জড়িয়ে কর্মীদের বিষয়টি সমাধান করতে বলার পরামর্শ দিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।
মেট্রোগুলোতেও একই আইন শাস্তি কার্যকর হবে। চেন্নাই মেট্রো রেল ঘোষণা করেছে, স্পিকার মোড ব্যবহারকারী বা জোরে কনটেন্ট প্লে করা যাত্রীদের আগের ৫০০ টাকার পরিবর্তে এখন থেকে সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)