জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শরতের আকাশে মেঘের ভেলা আর শিউলির সুবাসেই স্পষ্ট উমার আগমনী বার্তা। কেবল বাংলায় নয়, দিল্লি-নয়ডাতেও ছড়িয়ে পড়েছে দুর্গাপুজোর চিরপরিচিত আনন্দ ও আমেজ। প্রবাসী বাঙালি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা— মেতে উঠেছেন মায়ের আরাধনায়। এই আবহেই মহা ষষ্ঠীতে ধুমধাম করে দেবীর আবাহন ও বোধন সম্পূর্ণ হল ‘নয়ডা সেক্টর ১০৭’-এর দুর্গোৎসবে।
এবছর দেখতে দেখতে চার বছরে পা দিল নয়ডা সেক্টর ১০৭-এর এই বিশেষ দুর্গাপুজো। স্বল্প সময়ের মধ্যেই এই পুজো প্রবাসের বুকে এক অন্যরকম পরিচিতি ও সুনাম অর্জন করেছে। চতুর্থতম বর্ষে পদার্পণ করে আয়োজকরা মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিটি আয়োজনে রেখেছেন অনন্য ভাবনার ছোঁয়া।
এবারের পুজো মণ্ডপের মূল থিম সেজে উঠেছে সিনেমার মায়াবী জগতের আবহে। গোটা মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে ধ্রুপদী ও আধুনিক 'সিনেমার রিল'-এর রূপ দিয়ে। চলচ্চিত্র যেমন বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষকে একই সুতোয় গাঁথে, ঠিক তেমনই এই মণ্ডপটিও হয়ে উঠেছে শিল্প ও সংস্কৃতির এক অভূতপূর্ব মিলনক্ষেত্র। সাবেকি ঐতিহ্যের সাথে আধুনিক নান্দনিকতার এই মিশেল দর্শনার্থীদের বিশেষভাব প্রশংসিত হচ্ছে। মণ্ডপের ভেতরে প্রবেশ করলেই নজর কাড়ছে মায়ের রূপ। এক্কেবারে সাবেকি 'ডাকের সাজে' পরম মমতায় সাজিয়ে তোলা হয়েছে প্রতিমাকে। দেবী দুর্গার এই রাজরাজেশ্বরী রূপ ও সৌম্য মুখশ্রী দর্শনার্থীদের ভক্তিতে আপ্লুত করছে।
চতুর্থ বর্ষের এই উদযাপনে দেশ ও বিদেশের বহু বিশিষ্ট অতিথি উপস্থিত হয়েছেন। কেবল নয়ডা বা দিল্লির প্রবাসী বাঙালিরাই নন, দেশের বিভিন্ন প্রান্ত এবং আন্তর্জাতিক স্তর থেকেও অতিথি ও পর্যটকরা হাজির হয়েছেন এই মণ্ডপের আবহ উপভোগ করতে। উৎসবে যোগ দিতে আসা অতিথিদের স্মরণীয় মুহূর্ত ফ্রেমবন্দি করার জন্য মণ্ডপ প্রাঙ্গণে তৈরি করা হয়েছে আকর্ষণীয় 'ফোটো বুথ'। দর্শনার্থীরা সাগ্রহে সেখানে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
ষষ্ঠীর বিশেষ সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। আলো, ঢাকের শব্দ আর সাংস্কৃতিক উদযাপনের মধ্য দিয়ে প্রবাসের বুকে যেন এক টুকরো বাংলাকে ফুটিয়ে তুলেছেন সেক্টর ১০৭-এর উদ্যোক্তারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)