SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

‘ব্রেক দ্য লিমিট, আনলক দ্য পসিবিলিটিজ’, আইআইটি খড়্গপুরের মঞ্চ থেকে নতুন ভারতের বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে পড়ুয়া ও প্রাক্তনীদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Written By Debasmita Das
Published: Nov 21, 2026, 10:46 IST | Updated: Nov 21, 2026, 12:19 IST
Join

কমলাক্ষ ভট্টাচার্য: ‘নিজেদের স্বপ্নের সীমা বাড়ান। বড় করে ভাবুন। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।’ আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের মঞ্চ থেকে পড়ুয়া ও প্রাক্তনীদের এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ভারতকে এগিয়ে যেতে হলে পুরনো সীমাবদ্ধতা ভেঙে নতুন সম্ভাবনার দরজা খুলতে হবে। আর সেই লক্ষ্যেই দেশের মন্ত্র হওয়া উচিত, ‘ব্রেক দ্য লিমিট, আনলক দ্য পসিবিলিটিজ’।

শনিবার আইআইটি খড়্গপুরের ৭৫ বছরের যাত্রাপথ উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে পৌঁছতে দেরি হওয়ায় প্রথমেই উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়ে নেন প্রধানমন্ত্রী। আবহাওয়ার কারণে সময়মতো পৌঁছতে পারেননি বলে জানান তিনি।

আরও পড়ুন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা! ৯ ঘণ্টা ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা

‘ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এখানে’

আইআইটি খড়্গপুরের ৭৫ বছরের যাত্রাপথকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, ভারতের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের অনেকটাই এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে। গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন, ডাকের চিঠি থেকে সোশ্যালে পরিবর্তনের প্রতিটি পর্বের সাক্ষী থেকেছে এই প্রতিষ্ঠান। সেই পরিবর্তনের পথে আইআইটি খড়্গপুরের পড়ুয়া, শিক্ষক এবং প্রাক্তনীদের অবদানও উল্লেখ করেন তিনি।

প্রাক্তনীদের স্মৃতিচারণ করতে গিয়ে হোস্টেলের বদলে আইআইটি খড়্গপুরের হল-সংস্কৃতির কথাও বলেন মোদী। তাঁর কথায়, প্রত্যেক পড়ুয়ার কাছেই নিজের হলের প্রতি আলাদা গর্ব থাকে। দীপাবলির সময় বিভিন্ন হলের মধ্যে উদ্ভাবনী ভাবনা নিয়ে যে প্রতিযোগিতা চলে, তারও উল্লেখ করেন তিনি।

‘লিমিটিং বিলিভস’ ভাঙার ডাক

প্রধানমন্ত্রীর বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘লিমিটিং বিলিভস’। অর্থাৎ, নিজের স্বপ্ন, মেধা ও ভাবনাকে নিজেরাই সীমাবদ্ধ করে রাখা। তাঁর মতে, অনেকেই নিজেদের চারপাশের পরিস্থিতিকেই গোটা বিশ্বের সীমা বলে ধরে নেন। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। গত কয়েক বছরে ভারত সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি।

দারিদ্র্য দূরীকরণের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, একসময় দারিদ্র্যকে স্থায়ী সমস্যা বলে ধরে নেওয়া হত। লালকেল্লা থেকে শৌচালয় নির্মাণের কথা বলার সময় তাঁকে কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল। কিন্তু পরে সাধারণ মানুষের বাড়িতে শৌচালয় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিশ্বব্যাঙ্কের একটি রিপোর্টের উল্লেখ করে মোদী দাবি করেন, গত ১২-১৩ বছরে ভারতে ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। তাঁর বক্তব্য, এটাই সীমাবদ্ধতা ভেঙে নতুন সম্ভাবনা তৈরির উদাহরণ।

সেমিকন্ডাক্টর থেকে মহাকাশ গবেষণা, ভারতের অগ্রগতির কথা

সেমিকন্ডাক্টর মিশনের প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে।  তিনি বলেন, 'আমি যখন সেমিকন্ডাক্টর মিশন শুরু করলাম, কত কথা হল। লাল ঝান্ডা দেখিয়ে আটকানোর চেষ্টা হতো।  আমাকে বলা হতো দেরী হয়ে গেছে। আমিও বলেছিলাম দেরি হয়েছে তো কি হয়েছে। আমি আধিকারিকদের নিয়ে পরিকল্পনা করা শুরু করলাম। চার বছরে দেশে কত সেমি কন্ডাক্টর প্লান্ট তৈরি হয়েছে দেখুন।' তাঁর কথায়, দেশে সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলার উদ্যোগ শুরু করার সময় অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু সেই বাধা পেরিয়ে গত চার বছরে দেশে একাধিক সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির কাজ এগিয়েছে। এখন ভারত চিপ তৈরি করে বিদেশে রফতানির সুযোগও তৈরি করছে বলে দাবি করেন তিনি।

মহাকাশ গবেষণার ক্ষেত্রেও বেসরকারি সংস্থাকে সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন মোদী। তাঁর বক্তব্য, আগে মহাকাশ গবেষণায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকাই ছিল প্রধান। কিন্তু এখন তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। আইআইটি খড়্গপুরের এক প্রাক্তনীর তৈরি বেসরকারি রকেটের উদাহরণ টেনে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের প্রাক্তনীরাই অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছেন।

আরও পড়ুন, বেগুন ৭০-ধনেপাতা ২৫০ টাকা কেজি! আখভানের অভিশাপে পচছে শীতের সবজি 

২০৪৭-এর দায়িত্ব পড়ুয়াদের কাঁধেও

২০৪৭ সালে ভারতের স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হবে। সেই সময় দেশের নেতৃত্বে আজকের পড়ুয়াদের অনেকেই থাকবেন বলে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। দেশের কোন সমস্যার সমাধানে তাঁরা নিজেদের অবদান রাখতে পারবেন, তা নিয়ে এখন থেকেই ভাবার পরামর্শ দেন তিনি।

তাঁর বার্তা, ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের স্বার্থকেও অগ্রাধিকার দিতে হবে। ‘নেশন ফার্স্ট’- এই ভাবনা নিয়েই এগিয়ে যেতে হবে। আইআইটি খড়্গপুরের ১০০ বছর পূর্তির অনুষ্ঠান যেন বিকশিত ভারতেই উদযাপন করা যায়, সেই লক্ষ্য সামনে রাখার আহ্বান জানান মোদী। শেষে স্বামী বিবেকানন্দের বাণী স্মরণ করিয়ে দিয়ে পড়ুয়াদের উদ্দেশে বলেন, “ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না।”

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES