ই গোপী: আইআইটি খড়্গপুরের ৭৫ বছরের গৌরবময় পথচলা। সেই প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে শনিবার খড়্গপুরে পা রাখছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সাজো সাজো রব আইআইটি চত্বরে। একই সঙ্গে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ নির্দেশিকা জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, শনিবার ২১ নভেম্বর সকাল ৫টা থেকে দুপুর ২টো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার সর্বত্র ড্রোন ওড়ানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা শাসক বিজিন কৃষ্ণা এই নির্দেশিকা জারি করেছেন। প্রশাসনের অনুমতি ছাড়া কোনও ব্যক্তি কিংবা বেসরকারি সংস্থা এই সময়ের মধ্যে ড্রোন ব্যবহার করতে পারবেন না। বিশেষ কোনও প্রয়োজনে ড্রোন ওড়াতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগাম লিখিত অনুমতি নিতে হবে। নির্দেশ অমান্য করলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ২২৩ ধারায় আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে নারাজ জেলা প্রশাসন।
অন্যদিকে, শনিবার সকাল ১০টা নাগাদ আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। এই বিশেষ অনুষ্ঠানে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আইআইটি খড়্গপুরের প্রযুক্তিগত উদ্যোগও ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আইআইটি খড়্গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে সরকারি উদ্যোগে তৈরি বিশেষ স্মারক মুদ্রাও প্রকাশ করবেন প্রধানমন্ত্রী।
ইতিমধ্যেই আইআইটি খড়্গপুর চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন প্রশাসনের আধিকারিকরা। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্নে সম্পন্ন করতে একাধিক স্তরে চলছে প্রস্তুতি। ৭৫ বছরের ঐতিহ্যের উদযাপন, প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং বিশেষ স্মারক মুদ্রার প্রকাশ সব মিলিয়ে শনিবার আইআইটি খড়্গপুরের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে উঠতে চলেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)