আচমকা ধসল মাটি, থমকে গেল লাইন! এখনও আটকে রাজধানী-সহ ১২ ট্রেন
মির্জাপুর-ঝিংগুরা সেকশনে লাইন নির্মাণের কাজ চলছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ আচমকা মাটি ধসে যায়। এর জেরে ব্যাহত হয় রেল পরিষেবা।
অয়ন ঘোষাল: মির্জাপুর-ঝিংগুরা সেকশনে লাইন নির্মাণের কাজ চলছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ আচমকা মাটি ধসে যায়। এর জেরে ব্যাহত হয় রেল পরিষেবা। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। আসেন ইঞ্জিনিয়াররাও।
জানা গিয়েছে, যাত্রী নিরাপত্তার স্বার্থে ডাউন লাইনে ট্রেন চলাচল তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মেরামতির কাজ এখনও শেষ হয়নি। গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সাতসকালে ভয়ংকর ট্রেন দুর্ঘটনা, অসমে লাইনচ্য়ুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ৭ বগি, আহত বহু
দুর্ঘটনার জেরে আজ বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ১২২৭৪, ১২৩৯৮, ১২৩৬৮ এবং ১২৯৪৭ নম্বর ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে সেগুলিকে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, বারাণসী জংশন এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে গন্তব্যে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ২৬৫০৫ ও ১২১৬৭ নম্বর ট্রেনেরও যাত্রাপথ পরিবর্তন করে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ এবং বারাণসী হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথে বদল আনা হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকাল সাতটা দশ মিনিটে ফের এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। অসমের গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে লাইনচ্যুত হয় কলকাতা-সাইরাঙ এক্সপ্রেস। ট্রেনটির ইঞ্জিনসহ মোট সাতটি কোচ বেলাইন হয়ে যায়। কলকাতায় ফিরছিল ট্রেনটি।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে গুলিবিদ্ধ রাষ্ট্রপতি ভবনের 'প্রেসিডেন্টস বডিগার্ড'! মাথায় বিঁধল বুলেট...
রেল সূত্রে প্রাথমিক খবরে জানা গিয়েছে, একটি লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় (লাইন বদলের সময়) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। যার ফলে এই বড়সড় বিপত্তি ঘটে। ট্রেনটির ইঞ্জিন সম্পূর্ণভাবে উল্টে গিয়ে লাইনের ধারে বিপরীত দিকের লাইনে ছিটকে পড়ে। এর পরেই একে একে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। রেলের পদস্থ কর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে চালকের দোষে লাইনচ্যুত হয়েছে কলকাতা-সাইরাং এক্সপ্রেস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)