অয়ন ঘোষাল: বুধবার সকাল সাতটা নাগাদ ফের এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। অসমের গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে লাইনচ্যুত হল কলকাতা-সাইরাঙ এক্সপ্রেস। ট্রেনটির ইঞ্জিনসহ মোট ৭ কোচ বেলাইন হয়ে যায়। কলকাতায় ফিরছিল ট্রেনটি।
রেল সূত্রে প্রাথমিক খবরে জানা গিয়েছে, একটি লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় (লাইন বদলের সময়) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। যার ফলে এই বড়সড় বিপত্তি ঘটে। ট্রেনটির ইঞ্জিন সম্পূর্ণভাবে উল্টে গিয়ে লাইনের ধারে বিপরীত দিকের লাইনে ছিটকে পড়ে। এর পরেই একে একে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
The train Sairang Express has derailed crossing Digaru. @gm_nfr please send help. @DY365 @guwahatiplus https://t.co/L7uC7xqZrU
— Aminuzz (@Ameenuzz) November 11, 2026
দুর্ঘটনার সময় এলাকায় কুয়াশা বা দৃশ্যমানতা সংক্রান্ত কোনো সমস্যা ছিল কি না অথবা সিগন্যাল ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না , তা সম্পূর্ণ তদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। রেলের পদস্থ কর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের স্থানীয় ৪ টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে রওয়ানা হয়েছে এক্সিডেন্ট রেসকিউ স্পেশাল ট্রেন। সূত্রের খবর, কমপক্ষে ২৫-৩০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার জেরে শিয়ালদহে খোলা হল হেল্প লাইন। নম্বর-033-23509643।
রেলের তরফে জানানো হয়েছে যে যাত্রীদের একটি বিকল্প ট্রেনে করে তাঁদের গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। ত্রাণ ও উদ্ধারকাজ অবিলম্বে শুরু করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের সামান্য আঘাত লেগেছে।
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে বলা হয়েছে, অসমের ডিগাড়ু স্টেশনে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণ ছিল ট্রেনটি স্টেশনে ঢোকার সময় লোকো পাইলটের ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে না পারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)