জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সরকারি কর্মচারীর বাড়িতে পুলিসের হানা। তল্লাশি অভিযানে চক্ষু চড়কগাছ। প্রাথমিক হিসেবে উদ্ধার প্রায় ৭ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তির। যা তাঁর বৈধ আয়ের তুলনায় প্রায় ৫৬০ শতাংশ বেশি। তবে তল্লাশি এখনও শেষ হয়নি। ঘটনাটি মধ্যপ্রদেশের। সাতপুরা টাইগার রিজার্ভের এক আধিকারিকের তিন ঠিকানায় তল্লাশি চালায় রাজ্যের লোকায়ুক্ত। অভিযুক্তের নাম সঞ্জীব কুমার শর্মা। তিনি পাঁচমারিতে অবস্থিত ওই ব্র্যাঘ প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর।
লোকায়ুক্ত দফতরে অভিযোগ জমা পড়েছিল যে, সঞ্জীব কুমার শর্মা তাঁর স্ত্রী এবং আরও কয়েকজনের সঙ্গে মিলে বৈধ আয়ের চেয়ে অনেক বেশি সম্পত্তি গড়ে তুলেছেন। সেই অভিযোগের ভিত্তিতে আদালতে পরোয়ানা নিয়ে লোকায়ুক্তের ভোপাল ডিভিশনের আলাদা আলাদা দল সঞ্জীবের পাঁচমারির সরকারি আবাসন, অফিস এবং ছিন্দওয়াড়ার ব্যক্তিগত বাড়িতে তল্লাশি চালায়।
প্রাথমিক তদন্তে কী জানা যায়?
প্রাথমিক তদন্তে দেখা যায়, সঞ্জীবের সম্পত্তির পরিমাণ আয়ের তুলনায় ২২৮ শতাংশ বেশি। এরপরই দুর্নীতি দমন আইনে একটি মামলা রুজু করা হয়। আদালতের সার্চ ওয়ারেন্ট নিয়ে জোরদার অভিযানে নামে লোকায়ুক্তের দল।
তল্লাশি চালিয়ে তদন্তকারীরা লিক্যুইড ক্যাশই শুধু ২৬ লক্ষ ৩৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছেন। এখানেই শেষ নয়, এর পাশাপাশি মিলেছে ২ কেজি ৫২৮ গ্রাম সোনা। যার বাজারমূল্য প্রায় ৩কোটি ৫০ লক্ষ। এছাড়াও পাওয়া গিয়েছে ১ কেজি ৬৫৬ গ্রাম রুপোও, যার দাম প্রায় ২ লক্ষ ৯৪ হাজার। বাড়ির ভেতর থেকে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন আসবাব ও গৃহস্থালির সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে।
তল্লাশি অভিযানে আর কী কী উদ্ধার হয়েছে?
অভিযানে চারটি গাড়ি বাজেয়াপ্ত করেছে লোকায়ুক্ত। এর মধ্যে রয়েছে একটি স্করপিও, একটি মাহিন্দ্রা কেইউভি, একটি রয়্যাল এনফিল্ড বুলেট এবং একটি স্কুটার। এই চারটি গাড়ির মোট বাজারমূল্য প্রায় ৩১ লক্ষ ২০ হাজার টাকা।
তদন্তকারীরা সঞ্জীবের সঙ্গে যুক্ত আরও দুটি বড় সম্পত্তির খোঁজ পেয়েছেন। এর মধ্যে একটি হল 'ইকোটেল রিসর্ট', যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা। অন্যটি হল 'সেরেনিটি দ্য ভিলা', যেটির আনুমানিক দাম ১ কোটি টাকা। এছাড়া জমি কেনাবেচা সংক্রান্ত ২৮টি গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছে তদন্তকারী দল।
লোকায়ুক্ত জানিয়েছে, হোটেল এবং রিসর্টটির আনুষ্ঠানিক মূল্যায়ন এখনও বাকি রয়েছে। ফলে সেগুলির সঠিক দাম নির্ধারণ হলে এবং উদ্ধার হওয়া জমির নথিগুলি খতিয়ে দেখলে মোট সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে। তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে এবং প্রয়োজনে লোকায়ুক্তের দল আরও বেশ কিছু জায়গায় তল্লাশি চালাতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)