রাজীব চক্রবর্তী: এনসিপিআই বিতর্কে লোকসভার স্পিকার ওম বিড়লার বড় মন্তব্য। স্পিকার ওম বিড়লা স্পষ্ট জানিয়ে দিলেন, এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। দুপক্ষের বক্তব্য জানার পর অতি দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এবং ঘোষণা করা হবে। এদিন স্পিকারের কাছে জানতে চাওয়া হয়, তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগ দেওয়া ২০ সাংসদদের সদস্যপদ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
জবাবে স্পিকার বলেন, এই ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আমার কোর্টেও চলছে। এটা রায় ঘোষণার জায়গা নয়। বিচারের ক্ষেত্রে সব পক্ষের বক্তব্য শোনা হয়। নথি, তথ্য যাচাই করা হয়। এক্ষেত্রেও সেই প্রক্রিয়া চলছে। উভয় পক্ষের বক্তব্য জানার পর অতি দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এবং ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, নবমীর সন্ধ্যাতেই খবর আসে যে লোকসভা স্পিকারের কাছে আবার দু-সপ্তাহ সময় চেয়ে চিঠি দিয়েছেন এনসিপিআই সাংসদরা। এই নিয়ে ৫ বার সময় চাওয়া হয়েছে। প্রথমে সাত দিন, দ্বিতীয় দফায় তিন সপ্তাহ এবং তৃতীয় দফায় জবাব দেওয়ার জন্য দু’সপ্তাহ এবং চতুর্থ বার আবারও দু-সপ্তাহ সময় চেয়েছিলেন এনসিপিআই সাংসদেরা।
এখন আরও দু-সপ্তাহ সময় চেয়ে যে চিঠি দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে, দুর্গাপুজোর জন্য জনপ্রতিনিধিরা ব্যস্ত রয়েছেন। তাই জবাব দেওয়ার সময় পাচ্ছেন না তাঁরা। এখন দেখার লোকসভার স্পিকার ওম বিড়লা আগের মতো আবার একবার এনসিপিআই সাংসদদের সময় মঞ্জুর করেন কিনা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)