এনকাউন্টারে খতম লস্কর জঙ্গি লতিফ ও তার সহযোগী, ইঞ্চিতে-ইঞ্চিতে কুলগামের বদলা ভারতীয় সেনার
লস্কর-ই-তৈবার এক সন্ত্রাসবাদী লতিফ ভাট খতম এবং তার সহযোদী। গত সপ্তাহে কুলগামের এই এলাকাতেই এক হামলায় সিআরপিএফের তিন সদস্য আহত হয়েছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচ দিনেই ভারতীয় সেনার মোক্ষম জবাব। গত ১১ নভেম্বর জম্মু-কাশ্মীর ফের জঙ্গি হামলা হয়েছিল। কুলগামে সিআরপিএফের চৌকিতে সন্ত্রাসী হামলা চালিয়েছিল বাইকে চেপে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা। এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল তার। ঘটনায় তিনজন সিআরপিএফ আহত হয়েছিলেন। এই হামলার নেপথ্যে লস্কর-ই-তৈবার (এলইটি) শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাটই ছিলেন মূল সন্দেহভাজন। সোমবার জম্মু ও কাশ্মীর পুলিসের স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি), ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফের ১৮তম ব্যাটালিয়নের যৌথ অভিযান চালিয়েছিল। গুলির লড়াই চলেছিল কুলগামে সিআরপিএফের চৌকি এলাকাতেই। সেখানেই এনকাউন্টারে গুলি করে হত্যা করা হয়েছে 'মোস্ট ওয়ান্টেড' লতিফ ও তার এক সহযোগীকে। পুলিশ জানিয়েছে সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহায়তায় পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।
আরও পড়ুন: মাথার দাম ১৫ লাখ! কুলগাম হামলার সন্দেহভাজন কাশ্মীরের 'মোস্ট ওয়ান্টেড', কে এই মহম্মদ লতিফ?
চর্চায় মহম্মদ লতিফ
সূত্রের খবর কুলগামের লতিফ পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে মিলে কাজ করছিল। সে তার ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা সহায়তাকারীদের নেটওয়ার্কের সাহায্যে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন গোপন আস্তানার যাতায়াত করছিল। তাকে শ্রীনগরেও দেখা গিয়েছিল সম্প্রতি। লতিফ ইতোমধ্যেই ২০২৬ সালে সংঘটিত বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত। যার মধ্যে রয়েছে ২২ জুলাই অনন্তনাগের লাল চক এলাকায় এক পুলিশ কনস্টেবলকে হত্যা এবং গত ৩১ জুলাই কুলগামে পরিযায়ী শ্রমিকদের হত্যা। কুলগামে হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে কিশতোয়ার জেলায় সন্ত্রাসীরা বাবি চাঁদ ও যশপাল কুমার নামে দুই স্পেশাল পুলিশ অফিসারকে (এসপিও) হত্যা করে। জানা গিয়েছে এই দুই এসপিও সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সেনার সঙ্গে যোগ দিতে যাচ্ছিলেন। সিআরপিএফের স্পেশাল ডিরেক্টর জেনারেল (এসডিজি) সন্দীপ খিরওয়ার সোমবার জানিয়েছেন যে, গত সপ্তাহের হামলার পর জম্মু ও কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই দুই হামলার পর, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূল হয়েছে বা তা বিলুপ্তির পথে! সরকারি ভাবে করা এমন দাবির বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. ফারুক আবদুল্লাহ বলেছেন ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি যাঁরা করছেন, তারা ভুল বলছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)