জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু-কাশ্মীর আবারও জঙ্গি হামলা! কুলগামে সিআরপিএফের চৌকিতে সন্ত্রাসী হামলা হয়েছে বুধ দুপুরে। ফের রক্তাক্ত হয়েছে ভূ-স্বর্গ। বাইকে চেপে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা কুলগামে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে (নাকা পয়েন্ট) এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনায় তিনজন সিআরপিএফ আহত হয়েছেন। এই হামলার নেপথ্যে লস্কর-ই-তৈবার (এলইটি) শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাটের হাত থাকতে পারে বলেই সন্দেহ করা হচ্ছে। লতিফের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়ে এই হামলার পিছনে থাকা নেটওয়ার্ক এবং ওই অঞ্চলে জঙ্গিদের সক্রিয় উপস্থিতির বিষয়েও নানা প্রশ্ন উসকে দিয়েছে। জম্মু-কাশ্মীরে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী লস্করের একজন উচ্চপদস্থ কমান্ডার লতিফ। বর্তমানে এই অঞ্চলের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ সে! নিরাপত্তা সংস্থাগুলি তাকে সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক হিসেবেই চিহ্নিত করেছে। চলতি মাসেই লস্করের ছদ্ম সংগঠন, কাশ্মীর রেভোলিউশন আর্মিতে (কেআরএ) যোগ দিয়েছে বছর বাইশের লতিফ। এই প্রতিবেদনে চোখ বুলিয়ে জানুন কে এই লতিফ।

২০২৬ সালের বেশ কয়েকটি হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন লতিফ:
কুলগাম সিআরপিএফ হামলা (নভেম্বর ২০২৬): সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের রোড চেকপয়েন্ট দলের উপর চালানো হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে তাঁকে সন্দেহ করা হচ্ছে।
কুলগামে পরিযায়ী শ্রমিক হত্যাকাণ্ড (অগাস্ট ২০২৬): ছত্তিশগড় থেকে আসা দুই হিন্দু পরিযায়ী শ্রমিককে হত্যার পরিকল্পনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অনন্তনাগে 'টার্গেটেগ কিলিং' (জুলাই ২০২৬): জম্মু ও কাশ্মীর পুলিসের হেড কনস্টেবল আশিক হোসেনকে হত্যার নেপথ্যেও তার হাত বলেই ধারণা।

লতিফের প্রোফাইল ও কার্যক্রম
পটভূমি: তিনি দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার খ্রেওয়ান এলাকার বাসিন্দা লতিফ।
উত্থান: সোপিয়ানে পাঁচ দিন ধরে চলা দীর্ঘ সংঘর্ষ থেকে পালিয়ে যাওয়ার পর লতিফ সবার নজরে আসে। সেই সংঘর্ষে লস্করের আরেক শীর্ষ কমান্ডার জাকির গানাই মারা গিয়েছিল। নিরাপত্তা সংস্থাগুলির ধারণা, সেখান থেকে পালিয়ে যাওয়ার পর লতিফ স্থানীয় স্লিপার সেল ও হাইব্রিড সন্ত্রাসী নেটওয়ার্কগুলিকে পুনরায় সক্রিয় করে তোলে, যার মাধ্যমে নিরাপত্তা কর্মী ও সাধারণ নাগরিকদের উপর অতর্কিত হামলা চালানো হত।
পুরস্কার ও তল্লাশি অভিযান: লতিফকে ধরিয়ে দেওয়ার মতো নির্ভরযোগ্য তথ্যের জন্য কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর এবং স্থানীয় পুলিস ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। চলতি নভেম্বর মাসেই নিরাপত্তা বাহিনী তাকে খুঁজে বের করার প্রচেষ্টা আরও জোরদার করে। এর অংশ হিসেবে শ্রীনগরের লালচক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল জায়গায় তার ছবি সম্বলিত 'ওয়ান্টেড' পোস্টার লাগানো হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)