পুজো দিতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা! খাদে উলটে গেল যাত্রীবোঝাই বাস, মৃত বহু
Bus Accident: এর মধ্যে নিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জনকে এবং এমবিএস হাসপাতালে ১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দুর্ঘটনার খবর পেয়ে জেলাশাসক ও পুলিসের ঊর্ধ্বতন কর্তারা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ বাস দুর্ঘটনা। মৃত্যু অন্তত আটজনের। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের কোটা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের বিখ্যাত খাটু শ্যাম মন্দিরে যাচ্ছিল বাসটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ১৫ ফুট গভীর নর্দমায় পড়ে যায়।
জানা গিয়েছে, বাসটিতে প্রবীণ ও শিশু-সহ মোট ২৫ জন পুণ্যার্থী ছিলেন। শনিবার সকাল ৬টা নাগাদ এক্সপ্রেসওয়ের ৩৮৪ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। তবে বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ঠিক কী পরিস্থিতিতে বাসটি খাদে পড়ল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিস।
আরও পড়ুন: ষষ্ঠীর রাতে ভয়াবহ দুর্ঘটনা! লরির তলায় আটকে ২০ মিটার টেনেহিঁচড়ে গেল বাইক, আশঙ্কাজনক চার যুবক
উদ্ধারকাজ:
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করে দেওয়া হয়। ইর্মাজেন্সি পরিষেবার কর্মী এবং স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তবে নর্দমায় জমা পাঁক জল, কাদামাটির কারণে উদ্ধারকাজে বাধা আসে। পরে ক্রেনের সাহায্য দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে টেনে তোলা হয়।
কোটার জেলাশাসক পীযূষ সামারিয়া জানিয়েছেন, আহতদের দ্রুত আলাদা আলাদা হাসপাতালে পাঠানো হয়। ১৭ জনকে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে (এনএমসিএইচ) এবং আটজনকে এমবিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে এনএমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়াদের মধ্যে সাতজনকে হাসপাতালে পৌঁছানোর পরই মৃত ঘোষণা করা হয়। এমবিএস হাসপাতালে একজনকে মৃত ঘোষণা করা হয়। খোঁজখবর নেন।
আরও পড়ুন: প্রবাসে পুজোর আনন্দ! ষষ্ঠীতে জমজমাট লুটিয়েন্স দিল্লির পাণ্ডারা পার্ক, হাজির উপ রাজ্যপাল
শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের পর্যাপ্ত চিকিত্সা এবং ও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)