মৃত্যুর সারি, রাস্তায় রক্তস্রোত! কীভাবে ঘটল হাড়হিম করা দুর্ঘটনা? কনটেইনার ট্রাকের ড্যাশ ক্যামের ভয়াবহ ফুটেজ
Kaziranga Tragedy: অসমের কাজিরাঙার কাছে কন্টেইনার ট্রাক ও প্যাসেঞ্জার ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষের ভয়াবহ ড্যাশ ক্যাম ফুটেজ সামনে এসেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২৪ জনের প্রাণহানির পর রাজ্যজুড়ে শোকের ছায়া। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসমের কাজিরাঙায় মর্মান্তিক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু। কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? কাজিরাঙা ন্যাশনাল পার্কের কাছে হওয়া সেই দুর্ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। কন্টেইনার ট্রাকের ড্যাশ ক্যামেরা থেকে সংগৃহীত সেই ফুটেজে দেখা যাচ্ছে, প্যাসেঞ্জার ট্রাভেলারটি হঠাৎ তার নিজের লেন ছেড়ে অন্য লেনে ঢুকে পড়ে। আর তার জেরেই ভয়াবহ সংঘর্ষ।
ড্যাশ ক্যামে পাওয়া ফুটেজ
ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত অবস্থায় প্যাসেঞ্জার ট্রাভেলারটি হঠাৎ নিজের দিক থেকে ভুল লেনে ঢুকে যায়। যার জেরে ট্রাকের ঠিক সামনে চলে আসে। যার ফলেই মুখোমুখি সংঘর্ষ ঘটে। ভয়াবহ এই দুর্ঘটনার পর অসমের রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ওদিকে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ রাজ্যের হাইওয়েগুলোর বেহাল দশা এবং সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করেও টোল আদায় করার অভিযোগ করেছেন তিনি। ওদিকে আহত পড়ুয়া ও যাত্রীদের চিকিৎসায় যাতে কোনওরকম গাফিলতি না হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল ট্রাভেলার বাসটি। কাজিরাঙা জাতীয় উদ্যানের সামনে সেটি একবার ট্রাফিক আইন ভাঙে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর তাতেই লেন ভেঙে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে ট্রাভেলার বাসটি। মুখোমুখি পড়ে যায় কর্নাটক থেকে আসা কনটেইনার ট্রাকের। সজোরে সংঘর্ষ ঘটে।
সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ভিতরে বহু যাত্রী আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিস ও বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে গ্যাস কাটারের সাহায্যে যাত্রীদের বের করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)