India's New Visa Rules Explained: ভারতে ভিসা নীতিতে বিরাট বদল! এবার শুধু ৯ ক্য়াটেগরিতেই আবেদন, বিশদে জানুন V-1 থেকে AYUSH, কী কী বদল?
Indias New Visa Rules: ভিসা নীতিতে বিরাট বদল ভারতের! তবে ভিসা বিধিমালা এখন আরও সহজ। ভিসার ক্য়াটেগরি ১৩ থেকে কমিয়ে ৯ করা হয়েছে। সংশোধিত ভিসা ব্যবস্থায় আনা অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলিও দেখে নিন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিসা ব্যবস্থায় এবার বিরাট বদল ভারতের। কেন্দ্রের নয়া নির্দেশিকায় ভিসার ক্য়াটেগরি কমেছে, আবেদনের ফর্ম ছোট হয়েছে এবং বিভিন্ন ধরনের বিদেশি পর্যটকদের জন্য প্রযোজ্য বিধিমালায় বিস্তর সংশোধন এসেছে। এই বদলের ফলে মূল ভিসার ক্যাটেগরির সংখ্যা ১৩ থেকে কমিয়ে ৯ এবং সাব ক্যাটেগরির সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে। এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রকের ভিসা আবেদনের ফর্মে থাকা তথ্যের ক্ষেত্রগুলির সংখ্যা ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমেছে। এই প্রতিবেদনে চোখ বুলিয়ে জেনে নিন ভিজিটর ভিসা, স্টুডেন্ট ভিসা, মেডিক্যাল ভিসা, ওয়ার্ক ভিসা, বিজনেস ভিসা ও মিসলেনিয়াস ভিসার ক্ষেত্রে কী কী বদল এল
ট্যুরিস্ট ভিসার বদলে ভিজিটর ভিসা
ট্যুরিস্ট ভিসার নাম বদলে ভিজিটর ভিসা করা হয়েছে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন উদ্দেশ্য অন্তর্ভুক্ত থাকবে। যেমন—ছুটি কাটানো, বিজনেস মিটিং, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ গ্রহণ এবং স্বল্পমেয়াদী কোর্স করা। এই দুটি ক্যাটেগরিতে বিভক্ত: 'ভি-ওয়ান' ক্যাটেগরির ভিসায় ৩০ দিনের মেয়াদে একাধিকবার প্রবেশের সুযোগ থাকছে। অন্যদিকে, 'ভি-টু' ক্যাটেগরির ভিসা দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য প্রযোজ্য, যার মেয়াদ হতে পারে এক, পাঁচ বা ১০ বছর।
স্টুডেন্ট ভিসা
এই ক্যাটেগরিও দু'ভাগে বিভক্ত: 'এস-ওয়ান' ক্যাটেগরিতে ভিসা স্কুল পর্যায় থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য। আর 'এস-টু' ক্যাটেগরিতে ভিসা গবেষক, ভিজিটিং ফ্যাকাল্টি সদস্য, ইন্টার্ন এবং অ্যাকাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের জন্য প্রযোজ্য।
মেডিক্যাল ভিসা
চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণার্থীরা বিদেশি নাগরিকদের 'এম-ওয়ান' ক্যাটেগরির ভিসার আবেদন করতে হবে (AYUSH পদ্ধতির বাইরের চিকিৎসার ক্ষেত্রে)। আর যাঁরা AYUSH পদ্ধতিতে চিকিৎসা নিতে চাইবেন, তাঁদের জন্য রয়েছে 'এম-থ্রি'। এছাড়া রোগীদের সঙ্গে আসা ব্যক্তিদের জন্যও আলাদা ক্যাটেগরি রয়েছে—'এম-ওয়ান' ভিসাধারীদের সঙ্গে আসা ব্যক্তিদের জন্য 'এম-টু' এবং 'এম-থ্রি' ভিসাধারীদের সঙ্গে আসা ব্যক্তিদের জন্য 'এম-ফোর' ক্যাটেগরির রাখা হয়েছে।
ওয়ার্ক ভিসা
এটি সেইসব বিদেশি নাগরিকদের জন্য, যারা কর্মসংস্থানের কারণে ভারতে ভ্রমণ করবেন। এর আওতায় ভারতীয় কোম্পানি বা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা এবং মিশনারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাও এই ভিসার আওতাভুক্ত।
বিজনেস ভিসা
এই ক্যাটেগরির দু'টি সাব ক্যাটেগরি রয়েছে। 'বি-ওয়ান' দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কাজের জন্য, আর 'বি-টু' স্বল্পমেয়াদী বিভিন্ন কাজের জন্য। যেমন বিনিয়োগ সংক্রান্ত বিষয়, সম্মেলন, ক্রীড়া ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র বা বিজ্ঞাপনের শুটিং ইত্যাদি।
আরও পড়ুন: ডেঙ্গি নিয়ন্ত্রণে বাংলা দেশের 'উদাহরণ'! বাকিদের কাছে অনুসরণযোগ্য... বিরাট স্বীকৃতি কেন্দ্রের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)