'ফেরা ও প্রত্যর্পণের দাবি আলাদা, এটা হাসিনা ও বাংলাদেশ সরকারের বিষয়', স্পষ্ট বার্তা বিদেশ মন্ত্রকের
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা আর বাংলাদেশের প্রত্যর্পণের দাবি— এই দু’টি বিষয় আলাদা বলে স্পষ্ট জানাল ভারতের বিদেশ মন্ত্রক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে দুই বছরেরও বেশি সময় নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা। পাশাপাশি পাসপোর্টের মতো ভ্রমণ নথি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে ফেরার ব্যবস্থারও অনুরোধ জানিয়েছিলেন তিনি। তবে বাংলাদেশ সরকার বারবার জানিয়ে দিয়েছে, ভারতের প্রত্যর্পণের মাধ্যমেই কেবল তাঁর ফেরা সম্ভব।
আরও পড়ুন- দেশে ফেরার, আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে হাসিনার, মানবাধিকার একতরফা হতে পারে না: তসলিমা নাসরিন
এই প্রেক্ষাপটে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রত্যর্পণের অনুরোধটি একটি আইনি বিষয়, যা প্রচলিত আইনি কাঠামোর মধ্যেই খতিয়ে দেখা হচ্ছে; তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। জয়সওয়ালের কথায়, “প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। একজন নাগরিক স্বেচ্ছায় ফিরতে চাইলে সেই বিষয়টি প্রত্যর্পণের অনুরোধের থেকে আলাদা।” তিনি আরও যোগ করেন, “এটি শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের মধ্যেকার বিষয়।”
হাসিনার ফেরার ঘোষণার পরই বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর সে দেশের অবস্থান স্পষ্ট করে দেন। তিনি জানান, কেবল প্রত্যর্পণের মাধ্যমেই হাসিনা ফিরতে পারেন এবং এর ফলে স্বেচ্ছায় তাঁর ফেরার পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেরার ব্যবস্থার অনুরোধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, প্রত্যর্পণ ছাড়া কাউকে ফিরতে দেওয়া হবে না এবং সাধারণ বাণিজ্যিক যাত্রীর মতো নয়, কেবল হাতকড়া পরিয়ে বা কড়া নজরদারির মধ্যেই তাঁকে ফিরিয়ে আনা যেতে পারে।
আরও পড়ুন- ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের দখল নেব’, হিন্দু হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি অর্জুন সিংয়ের
এর আগে মঙ্গলবার হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানান, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের জেরে ১৫ বছরের শাসনের অবসান ঘটলে বাংলাদেশ ছাড়েন হাসিনা। বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে এবং অন্যান্য অভিযুক্ত পলাতক আসামির মতোই আইনের আওতায় আনা হবে। ২০২৪ সালে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতেই তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। যদিও হাসিনা এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)