রাতে হোটেলে ভয়ংকর শুট-আউট, এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু! আহত বহু; উৎকণ্ঠা-আতঙ্ক
Guwahati Hotel Shot Dead: ঘটনাটি ঘটে সোমবার রাত ৯টা নাগাদ। হঠাৎই গুলির আওয়াজ! পরপর! কেঁপে ওঠে গোটা হোটেল-চত্বর। হোটেলবাসীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। হোটেল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় মোট ছয়জনকে। এঁদের মধ্যে পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যজন চিকিৎসাধীন। কীভাবে ঘটল এই হাড়হিম ঘটনা? কেনই-বা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবারের রাত ছিল হাড়হিম রাত! রক্তাক্ত রাত! হঠাৎই শোনা গেল গুলির আওয়াজ! একটা নয়, পরপর! কেঁপে উঠল গোটা চত্বর। ঘটনাস্থল অসমের গুয়াহাটি। গুয়াহাটির উলুবাড়ি এলাকায় এই ভয়াবহ শুটআউটের ঘটনায় ছড়াল তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান ছিল, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। পরে সেটাই দেখা যায়: লিস সংক্রান্ত একটা সমস্যা থেকেই খুনোখুনির এই ভয়াবহ ঘটনা! 'বিলাস ইন' নামের একটি হোটেলের লিজ নেওয়াকে কেন্দ্র করে বিবাদ তৈরি হয়েছিল। অভিযুক্ত ঘনকান্ত গগৈ ওই হোটেলটি লিজ নিয়েছিলেন। হোটেলের মালিকপক্ষের সঙ্গে বিবাদের জেরেই এই ঘটনা-- এমনই অনুমান পুলিসের।
চরম উৎকণ্ঠা
ঘটনায় ৫ জনের মৃত্যুর ছাড়াও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রাতের অন্ধকারে আচমকা এই শুট আউটের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। শুট আউটের পর খবর পেয়ে পুলিস আধিকারিকদের উচ্চপর্যায়ের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিস পুরো এলাকা ঘিরে ফেলেছে ও ঘটনার তদন্ত শুরু করেছে।
একই পরিবারের ৪ জনের মৃত্যু!
পুলিস সূত্রে খবর, সোমবার রাতে বোরা সার্ভিস এলাকায় থাকা বিলাস ইন হোটেল থেকে গুলি চলার এই ভয়াবহ খবরটি আসে। পুলিস গিয়ে হোটেলের ভিতর থেকে ৪ জন ও বাইরে এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। পুলিস কমিশনার জানান, ঘটনাস্থলে চারজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে হাসপাতালে তিনিও মারা যান। সববচেয়ে মর্মান্তিক, একই পরিবারের ৪ জনের মৃত্যু!
সুরক্ষা এবং আইনশৃঙ্খলা
গুয়াহাটির এই গুলি-কাণ্ডে অসমের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে অসম কংগ্রেস। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা। এক্স হ্যান্ডেলে এ নিয়ে পোস্টও করেছে তারা। পোস্টে অসম কংগ্রেস লিখেছে, গুয়াহাটির নিরাপত্তা-পরিস্থিতি নিয়ে এই মর্মান্তিক ঘটনা সাধারণ মানুষের সুরক্ষা এবং অসমের আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে! নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে অসম কংগ্রেস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)