বাইক নিয়ে সিংহের পিছনে ছুটছেন বনকর্মীরা, পাল্টা ধাওয়া করল 'সিম্বা'! ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল
বাইক নিয়ে সিংহের পিছনে ছুটছেন কয়েকজন! কখনও এদিক, কখনও ওদিক থেকে ঘিরে ধরার চেষ্টা। শেষ পর্যন্ত পাল্টা তেড়ে এল সিংহ 'সিম্বা'ও! গুজরাটের সাফারি পার্কের এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল। কাজ থেকে সরানো হল তিন বনকর্মীকে। কিন্তু কেন এমন কাণ্ড ঘটিয়েছিলেন তাঁরা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জঙ্গলের রাজা সিংহ সিম্বাকে বাইকে তাড়া করছেন কয়েকজন বনকর্মী। ভিডিয়োতে দেখা যাচ্ছে, তারা সিংহের পিছনে ছুটছেন, কখনও সামনে থেকে, কখনও পিছন থেকে, তাকে ঘিরে ধরার চেষ্টা করছেন। সিংহটিও কখনও দৌড়ে পালাচ্ছে, আবার কখনও তাড়াকারীদের দিকে এগিয়ে আসছে। যেন সিংহ নয় গরুকে তাড়িয়ে খাটালে
ঢোকাচ্ছে। ঘটনাটি গুজরাটের আমরেলি জেলার আম্বারডি সাফারি পার্কে ঘটেছে। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিতর্ক তৈরি করেছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েকজন বনকর্মী মোটরবাইক নিয়ে সিংহের পিছনে ছুটছেন। তাঁদের মধ্যে একজনের হাতে ওয়াকিটকি দেখা গেছে। সিংহটি একসময় দৌড়ে পালাতে চেষ্টা করেছে। পরে আবার বাইক আরোহীদের দিকে এগিয়ে আসে। এই দৃশ্য দেখে বন্যপ্রাণী ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন, যেখানে সিংহের নিরাপত্তা দায়িত্ব বনকর্মীদের, কেন তাঁরা তাকে এভাবে তাড়া করেন?
কেন সিংহের পিছনে ছুটছিলেন বনকর্মীরা?
বন দফতর ঘটনাটির ব্যাখ্যা দিয়েছে। আধিকারিকদের বক্তব্য, সিংহটিকে বিরক্ত করা বা ভয় দেখানো তাঁদের উদ্দেশ্য ছিল না। বরং সিংহটি নির্দিষ্ট এলাকা থেকে বেরিয়ে গিয়েছিল। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছিল। আম্বারডি সাফারি পার্কের আয়তন ৩০০ হেক্টরের বেশি। প্রতিদিন বিকেল ৫টায় সিংহদের খাবার দেওয়া হয় একটি নির্দিষ্ট জায়গায়। সেই জায়গাটিকে বলা হয় 'ক্রাল' । এটি প্রায় ১০০ মিটার বাই ১০০ মিটার এলাকার একটি ঘেরাটোপ। বন দফতরের আধিকারিকদের বক্তব্য, সিম্বা ওই নির্দিষ্ট এলাকা থেকে বেরিয়ে গিয়েছিল। অন্য সিংহের এলাকায় ঢুকে পড়লে লড়াইয়ের আশঙ্কা ছিল। তাই তাকে নিরাপদে নিজের এলাকায় ফেরানোর চেষ্টা করা হয়েছিল।
জিপের বদলে কেন বাইক ব্যবহার করা হয়েছিল?
বন দফতরের নিয়ম অনুযায়ী, এ ধরনের পরিস্থিতিতে সাধারণত জিপ ব্যবহার করে সিংহকে ফেরানো হয়। কিন্তু ওই দিন কয়েক জন কর্মী মোটরবাইক ব্যবহার করেছিলেন। আর সেই ঘটনাই ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। আমরেলির ভারপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক মিতেশ ভানিয়া জানিয়েছেন, দীপাবলির ছুটিতে সাফারি পার্কে পর্যটকদের ভিড় ছিল বেশি। কর্মীরা দীর্ঘ সময় ধরে কাজ করছিলেন। তাঁর দাবি, সিংহটিকে ফের ঘেরাটোপে নিয়ে যাওয়াই ছিল কর্মীদের উদ্দেশ্য, তাকে হেনস্থা করা নয়।
আরও পড়ুন, China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও
কাজ থেকে সরানো হয়েছে তিন বনকর্মীকে। ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বন দফতর। প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্টস জয়পাল সিং জানিয়েছেন, ঘটনার তদন্তের পর তিন জন আউটসোর্সড বনকর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে নোটিসও জারি করা হয়েছিল। একদিকে বন দফতরের দাবি, সিংহটিকে নিরাপদে নির্দিষ্ট এলাকায় ফেরাতেই এই তৎপরতা। অন্যদিকে, ভাইরাল ভিডিয়ো দেখে বন্যপ্রাণীকে এভাবে তাড়া করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন বহু মানুষ। সাফারি পার্কে বন্যপ্রাণীর নিরাপত্তা এবং তাদের পরিচালনার নিয়ম কতটা মেনে চলা হচ্ছে, সেই বিতর্কই নতুন করে সামনে এসেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)