ডিনারে নুডলস খেয়ে ঘুম! পরের দিন আর উঠলেন না কেউ, একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যু
রাতে নুডলস খেয়ে ঘুমোতে চলে যান বাবা-মা এবং তিন ছেলেমেয়ে। পরেরদিন দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও তাদের কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি। এর পর ঘরে ঢুকে দেখা যায়, বিছানায় পাঁচজনই নিথর অবস্থায় পড়ে রয়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একই পরিবারে পাঁচ জনের রহস্যমৃত্যু। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তিন ছেলেমেয়ে-সহ বাবা, মায়ের দেহ উদ্ধার করে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ফুড পয়েজনিং এই ঘটনার নেপথ্যে কারণ হতে পারে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিসের ফিল্ড ইউনিট এবং ফরেনসিক দল। পুরো এলাকা ঘিরে ফরেসনিক পরীক্ষা করছে পুলিস। ঘটনাটি গ্রেটার নয়ডায়।
মৃতরা হলেন, মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫), তাঁদের দুই পুত্রসন্তান লাড্ডু (১১) ও সাক্ষাৎ (৩) এবং কন্যা মিষ্টি (৭)। মৃত মহেশের মায়ের দাবি, ঘটনার আগের দিন রাত ১০ টা নাগাদ পরিবারের সবাই মিলে ডিনারে নুডলস খেয়েছিলেন। তারপর ঘুমোতে চলে যান। পরেরদিন সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা খোলেনি তারা। তাঁদের কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। এর পর ঘরে ঢুকে দেখা যায়, বিছানায় পাঁচজনই নিথর অবস্থায় পড়ে রয়েছেন। তবে ওই নুডলস খেয়েই কি সকলের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আরও পড়ুন: পুজো দিতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা! খাদে উলটে গেল যাত্রীবোঝাই বাস, মৃত বহু
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিস, উচ্চপদস্থ আধিকারিক, অ্যাম্বুল্যান্স ও খাদ্য সুরক্ষা দপ্তরের একটি বিশেষ দল। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরই এপ্রিল মাসে একই পরিবারের চার জনের মৃত্যু হয়। ডিনারের তাঁরা বিরিয়ানির পর তরমুজ খেয়ে ঘুমোতে চলে গিয়েছিলেন। পরের দিন সকাল থেকে একে একে সকলের অনবরত বমি শুরু হয়। অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাদের। চিকিত্সাধীন অবস্থাতেই একে একে মৃত্যু হয় সকলের। মৃতরা হলেন- আবদুল্লাহ ডোকাদিয়া (৪০), নাসরিন ডোকাদিয়া (৩৫), আয়েশা (১৬) এবং জয়নব (১৩)। ঘটনাটি মুম্বইয়ের পায়ধোনি এলাকার।
মৃতদের ময়নাতদন্তের পর জানা যায়, মৃত্যুর পর মৃতদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ সবুজ হয়ে যায়। যা সাধারণ 'ফুড পয়জ়েনিং' হিসাবে মানতে নারাজ বিশেষজ্ঞরা। ফরেনসিক পরীক্ষায় দেখা গিয়েছে, মৃতদের মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং অন্ত্র সবুজ হয়ে যায়। চিকিৎসকদের মতে, এটি কোনও শক্তিশালী বিষক্রিয়ার লক্ষণ।
আরও পড়ুন: প্রবাসে পুজোর আনন্দ! ষষ্ঠীতে জমজমাট লুটিয়েন্স দিল্লির পাণ্ডারা পার্ক, হাজির উপ রাজ্যপাল
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)