রাজীব চক্রবর্তী: ইন্টারনেট বন্ধ এবং মেট্রো নিয়ন্ত্রণে আদালত অবমাননার অভিযোগ। সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও ডিএমআরসি প্রধান। দিল্লিতে ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় নিঃশর্ত ক্ষমা চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের চেয়ারপার্সন ডি থারা। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানির কথা।
তার আগে আদালতে হলফনামা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন জানিয়েছেন, আদালতের নির্দেশ ইচ্ছাকৃত ভাবে অমান্য করার কোনও উদ্দেশ্য ছিল না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশের অনুরোধে ৯ অক্টোবর রাত ১০টা থেকে পরের দিন রাত ১০টা পর্যন্ত রাইসিনা হিলসের চার কিলোমিটার ব্যাসার্ধে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। তবে ওয়াইফাই এবং ব্রডব্যান্ড পরিষেবা চালু ছিল বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ডিএমআরসি জানিয়েছে, ৩০৩টি স্টেশনের মধ্যে ৪৫টিতে যাত্রীদের প্রবেশ ও বেরোনোর উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রো চলাচল বজায় ছিল। ৪১৫৭টি ট্রেন-ট্রিপ চালানো হয় বলেও দাবি সংস্থার। পুলিশি নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে দাবি ডিএমআরসি-র। উল্লেখ্য, সর্বোচ্চ আদালত ৯ অক্টোবর শুনানিতে গণপরিবহণ সম্পূর্ণ বন্ধ না রাখার নির্দেশ দিয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)