সুপার এল নিনোর কলকাঠিতে এবার নড়বড়ে শীতের ভবিষ্যত, পাহাড়ে অন্যরকম পরিস্থিতি
বিজ্ঞানীদের দাবি,অনেক সময়ই এল নিনো বছরে পশ্চিমী ঝঞ্ঝা বেশি আসে। আর এবার তো সুপার এল নিনো। ঠিক এখানেই সমতলের ফাঁড়া
অয়ন ঘোষাল: নভেম্বরের একেবারে শেষ লগ্নে যাও বা তিনি গড়িমসি করে এলেন, তাও মাথায় নিয়ে এলেন একরাশ ঝক্কি। এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে ২০২৬ -২৭ মরশুমের দুর্বল শীত। পাহাড়ে বরফ পড়বে বেশি, সমতলে ঠান্ডা পড়বে কম। নেপথ্যে সুপার এল নিনোর কলকাঠি।
প্রায় গোটা নভেম্বর কাটিয়ে একেবারে শেষ লগ্নে নেমেছে পারদ। অগ্রহায়ণে কাঙ্খিত ঠান্ডা নেই। আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা সংস্থা আইসিআইএমওডি-র পূর্বাভাসে আরও দুঃসংবাদ। আপাতত ক’দিন তাপমাত্রা কমবে ঠিকই। কিন্তু সার্বিক ভাবে শীতের ভবিষ্যত্ নড়বড়ে। গোটা মরশুম জুড়েই খোঁড়াতে পারে শীত। ইঙ্গিত হিন্দুকুশ-হিমালয় কুলিং ইনডেক্সে। পূর্বাভাসে এমন কথাও বলা হয়েছে,হিমালয়ের পাহাড়ে বরফ পড়বে বেশি, কিন্তু সমতলে ঠান্ডা পড়বে কম।
ঠিক কী বলেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট?
ঠান্ডার মরশুমের শুরুতেই নজর দেওয়া যাক। এ বছর অনেক আগে,সেপ্টেম্বর-শেষেই তুষারপাত শুরু হয়েছে দেশে। অক্টোবর-নভেম্বর মিলিয়ে বেশ কয়েক দফায় পুরু বরফ পড়েছে কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ড সিকিম সান্দাকফুতেও। সেই বরফছোঁয়া হাওয়ার প্রায় কিছুই পৌঁছায়নি সমতলে। কারণ ৩ সপ্তাহের মধ্যে ৩ ঘূর্ণিঝড়। সম্ভাব্য আরও দুটি।
উত্তুরে-পশ্চিমী বাতাস শক্তিশালী হওয়ার সুযোগই পায়নি। শীতের মূল মরশুমেও এই প্রবণতা চলার ইঙ্গিত আইসিআইএমওডি-র। এ বছর স্বাভাবিকের বেশি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। তার জেরেই পশ্চিম হিমালয়ে বেশি তুষারপাত হতে পারে। ঘনঘন তুষারপাতের জেরে তুষারধস, হড়পা বানের আশঙ্কাও করছে আইসিআইএমওডি।
আরও পড়ুন-রাতারাতি পারদ নামল ৩ ডিগ্রি; আরও কমবে তাপমাত্রা, ফের এক ঘূর্ণিঝড়ের চোখরাঙানি
বিজ্ঞানীদের দাবি,অনেক সময়ই এল নিনো বছরে পশ্চিমী ঝঞ্ঝা বেশি আসে। আর এবার তো সুপার এল নিনো। ঠিক এখানেই সমতলের ফাঁড়া। সমতলে জাঁকিয়ে শীতের জন্য দুটো পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে সময়ের পর্যাপ্ত ফারাক থাকা দরকার। গায়ে গায়ে ঝঞ্ঝা এলে, তুষারছোঁয়া শুকনো বাতাস অবাধে বয়ে যাওয়ার সুযোগ পায় না। কারণ, ঝঞ্ঝার নিয়মিত উপস্থিতি মানেই উত্তর ভারতের সমতলে জলীয় বাষ্পের প্রাচুর্য, শুকনো কনকনে হওয়ার অভাব!
উত্তর-পশ্চিম ভারত থেকেই তো হিমেল হাওয়া আসে বাংলায়। জোগান কম মানে আমদানিও কম হওয়ার আশঙ্কা। আইসিআইএমওডি-র পূর্বাভাস, উত্তরপ্রদেশ, বিহার ছাড়া বেশিরভাগ ভাগ রাজ্যেই শীতের দাপট কম থাকবে। তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশঙ্কা। মোদ্দা কথা,জাঁকিয়ে শীত, একটানা শীতের আশা এই মরশুমে প্রায় নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)