হাতে বাজি ফাটতেই সোজা ছিটকে লাগল ১০ বছরের শিশুর হার্টে! রক্তে ভাসল দীপাবলি, মর্মান্তিক মৃত্যু
Diwali Death: দিল্লির নরেলায় দীপাবলির আনন্দের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। হাতে বাজি ফেটে বুকে গুরুতর আঘাত লেগে মৃত্যু হলো ১০ বছরের এক শিশুর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির আনন্দের মাঝে মর্মান্তিক পরিণতি! দিল্লিতে হাতে বাজি ফেটে মৃত্যু ১০ বছরের শিশুর। দীপাবলির আনন্দ মুহূর্তেই বিষাদে বদলে গেল। উৎসবের রাতে দিল্লির নারেলা এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারাল ১০ বছরের এক শিশু। বাজি ফাটানোর সময় হঠাৎই তা হাতে ফেটে যায়। তাতেই মারাত্মক জখম হয় শিশুটি। ফেটে যাওয়া বাজি ছিটকে তার বুকে গুরুতর আঘাত লাগে। এই আকস্মিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীপাবলির রাতে বাড়ির সামনেই বাজি ফোটাচ্ছিল ওই শিশুটি। সেই সময় একটি রকেট বাজি ফাটানোর সময় অপ্রত্যাশিতভাবে সেটি তার হাতেই ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাতে ওই শিশুটির হাত মারাত্মকভাবে জখম হয়। এমনকি বাজির টুকরো ছিটে সরাসরি আঘাত লাগে তার বুকে। বিস্ফোরণের পর পরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি।
সঙ্গে সঙ্গেই পরিবার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত শিশুকে উদ্ধার করে নারেলার সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে নরেলা থানার পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস। ঠিক কী ধরনের বাজি বা বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল? কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
দীপাবলির মতো উৎসবের দিনে শিশুদের সুরক্ষায় সতর্কতা এবং বাজি ফাটানোর নিয়মকানুনের কড়াকড়ি নিয়ে ফের একবার বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল এই মর্মান্তিক দুর্ঘটনা। এদিকে হাসপাতালে চিকিৎসকরা ১০ বছরের ছেলেকে মৃত বলে ঘোষণা করতেই জ্ঞান হারান বাবা। তাঁকে সামলাতে দেখা যায় বড় ছেলেকে।
আরও পড়ুন, ফুচকা খেয়েই ১৫০ জন... রয়েছে ১৮ শিশুও... দীপাবলি উৎসবের আনন্দ মুহূর্তে ম্লান
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)