ওড়িশায় 'খেল' শুরু ঘূর্ণিঝড় অর্ণবের! কালো মেঘে ঢাকল পুরী-মুষলধারে বৃষ্টি, তাণ্ডব শুরু একাধিক জেলায়
Cyclone Arnab Update: ওড়িশায় 'খেল' দেখানো শুরু করল ভয়ংকর শক্তিশালী ঘূর্ণিঝড় 'অর্ণব'। পুরীতে শুরু মুষলধারে বৃষ্টি। পুরী-সহ দক্ষিণ ওড়িশার ৬ জেলায় ভারী বৃষ্টি ও দুর্যোগের আশঙ্কা। জারি রেড অ্যালার্ট। স্কুল ছুটি। বাতিল সব সরকারি ছুটি।
পিয়ালি মিত্র: ওড়িশায় 'খেল' দেখানো শুরু ঘূর্ণিঝড় অর্ণবের। ঘূর্ণিঝড় অর্ণবের দাপটে ওড়িশার একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে মুষলধারে বৃষ্টি। পুরীতে আকাশ কালো করে ভারী বৃষ্টি শুরু হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দক্ষিণ ওড়িশায় আগাম সতর্কতা নেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুদিনের জন্য স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।
ছয় জেলায় সর্বোচ্চ সতর্কতা
পুরী ছাড়াও দক্ষিণ ওড়িশার গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরি-সহ একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে চলেছে। তেমনই পূর্বাভাস। আর তাই পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ওড়িশা সরকার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণ ওড়িশার একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা।
ভুবনেশ্বরে রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রী সুরেশ পূজারির নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, স্পেশাল রিলিফ কমিশনার, আবহাওয়া দফতরের আধিকারিক এবং সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ছয় জেলার জেলাশাসকরা। দক্ষিণ ওড়িশার ছয় জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে- গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট, মালকানগিরি ও নবরঙ্গপুর।
এই ছয় জেলায় স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলাস্তরের সমস্ত আধিকারিকের ছুটি বাতিল। প্রত্যেককে নিজের কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা, ব্লক, তহশিল ও পুরসভা স্তরে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। দুর্গতদের উদ্ধার ও ত্রাণের কাজে সমন্বয় বজায় রাখতে ২ জন উপমুখ্যমন্ত্রী ও ৬ জন মন্ত্রীকে মোট ৮টি জেলার দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তাঁরা সংশ্লিষ্ট জেলাগুলির পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
উদ্ধার ও বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি
ছয় জেলায় মোট ২৭টি ODRAF দল ও ৬টি NDRF দল মোতায়েন করা হয়েছে।
গঞ্জাম: ৯টি ODRAF ও ২টি NDRF দল।
গজপতি: ৬টি ODRAF ও ১টি NDRF দল।
রায়গড়া: ৩টি ODRAF ও ১টি NDRF দল।
কোরাপুট: ৩টি ODRAF ও ১টি NDRF দল।
মালকানগিরি: ৩টি ODRAF ও ১টি NDRF দল।
নবরঙ্গপুর: ৩টি দল প্রস্তুত রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলি প্রস্তুত রাখা হয়েছে। কাঁচা বাড়ি, বস্তি ও নিচু এলাকায় বসবাসকারীদের চিহ্নিত করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রসবের সময় আসন্ন, এমন অন্তঃসত্ত্বা মহিলাদের আগাম চিহ্নিত করে নিকটবর্তী হাসপাতাল, CHC, PHC ও মা গৃহে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রবীণ, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। ছয়টি জেলার পাহাড়, জলপ্রপাত, বাঁধ ও পর্যটনকেন্দ্রে পর্যটকদের যাতায়াতেও বিধিনিষেধ জারি হয়েছে।
কৃষক ও সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা
৮০–৮৫ শতাংশ পেকে যাওয়া ধান, ভুট্টা, রাগি-সহ অন্যান্য ফসল দ্রুত কেটে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দিয়েছে কৃষি দফতর। পানীয় জল পরিশোধনের জন্য ক্লোরিনেশন ব্যবস্থা, হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, সাপের কামড়ের প্রতিষেধক এবং ক্লোরিন ট্যাবলেট মজুত রাখা হচ্ছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার জন্য অতিরিক্ত সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। গবাদি পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, জরুরি চিকিৎসা এবং পশুখাদ্য সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে। গুজবে কান না দিয়ে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে।
জেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
কোরাপুট: কনক বর্ধন সিং দেও — উপমুখ্যমন্ত্রী
রায়গড়া: প্রভাতী পরিদা — উপমুখ্যমন্ত্রী
কন্ধমাল: রবি নারায়ণ নায়েক — মন্ত্রী
গঞ্জাম: বিভূতি ভূষণ জেনা — মন্ত্রী
গজপতি: সূর্যবংশী সূরাজ — মন্ত্রী
নবরঙ্গপুর: কৃষ্ণচন্দ্র পাত্র — মন্ত্রী
মালকানগিরি: নিত্যানন্দ গন্ড — মন্ত্রী
কালাহান্ডি: মুকেশ মহালিং — মন্ত্রী
আরও পড়ুন, ক্রমশ বাড়াচ্ছে শক্তি, ভয়ংকর শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ৬ জেলায় লাল সতর্কতা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)