SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

স্কুলে ভর্তির টোপে বাড়িতে পরিচারিকার কাজ! কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ

Jharkhand Crime: পড়াশোনার বদলে তাকে বিধায়কের সরকারি বাসভবনে পরিচারিকার কাজে লাগানো হয়। বিধায়ক ভূষণ বারা তার সরকারি বাসভবনে তাকে ধর্ষণ করে। শারীরিক পরীক্ষার সময় বিষয়টি সামনে আসে।

Written By Soumita Khan
Published: Nov 14, 2026, 02:46 PM IST | Updated: Nov 14, 2026, 02:49 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ, তারপর খুন। নারকীয় কাণ্ডের অভিযোগ উঠল কংগ্রেস বিধায়ক ভূষণ বারার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের সিমডেগা জেলার। রাঁচিতে বিধায়কের সরকারি বাসভবনে এই ঘটনা ঘটেছে বলে ওই কিশোরীর অভিযোগ। নাবালিকার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে পকসো এবং জুভেনাইল জাস্টিস আইনে মামলা রুজু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী দল বিজেপি অভিযুক্ত বিধায়কের গ্রেফতারি এবং কঠোর শাস্তির দাবি তুলেছে।

রাঁচির ধুরওয়া থানায় নির্যাতিতা নাবালিকা অভিযোগ দায়ের করেছে। সে জানিয়েছে, গত ৫ অগাস্ট বিধায়ক ভূষণ বারা তার সরকারি বাসভবনে তাকে ধর্ষণ করে। নির্যাতিতার আরও দাবি, এই ঘটনার পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল, কিন্তু পরবর্তীতে তার গর্ভপাত হয়ে যায়। শারীরিক পরীক্ষার সময় বিষয়টি সামনে আসে।

স্কুলে ভর্তির নামে পরিচারিকার চাকরি:

নির্যাতিতা পুলিসকে জানিয়েছে, স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত মে মাসে বিধায়কের পরিবার তাকে রাঁচিতে নিয়ে এসেছিল। কিন্তু পড়াশোনার বদলে তাকে বিধায়কের সরকারি বাসভবনে পরিচারিকার কাজে লাগানো হয়। বাধা দিলে বিধায়ক তাকে মারধর করতেন এবং ঘটনার কথা কাউকে জানালে খুন করার হুমকি দিতেন বলেও অভিযোগ। পাশাপাশি, বিধায়কের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ এনেছে সে।

আরও পড়ুন: মাকে কুপিয়ে নির্বিকারে বাড়ি ছাড়ল নবম শ্রেণির ছাত্র! পরমুহূর্তেই বহুতল থেকে পড়ে মর্মান্তিক পরিণতি

পকসো মামলা দায়ের:

মামলা রুজু হওয়ার বিষয়টি নিশ্চিত করে হাটিয়ার ডিএসপি নীরজ কুমার জানান, সিমডেগা বিধানসভা কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে পকসো এবং জুভেনাইল জাস্টিস আইনে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্তের স্বার্থে তার জবানবন্দিও রেকর্ড করা হবে। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে বিধায়ক ভূষণ বারা দাবি করেছে, এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যে ও বিভ্রান্তিকর। কংগ্রেস থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছেন বলে সে পাল্টা অভিযোগ করে। অভিযোগ দায়ের করতে এত দেরি হল কেন, তা নিয়েও প্রশ্ন তুলে বিধায়ক জানান, তদন্তের পরেই আসল সত্য সামনে আসবে।

রাজনৈতিক উত্তাপ:

এই ইস্যুতে কংগ্রেস ও ঝাড়খণ্ড সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি আদিত্য সাহু ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক আখ্যা দিয়ে বিধায়কের অবিলম্বে গ্রেফতার এবং নির্যাতিতা ও তার পরিবারের উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চান, এত গুরুতর অভিযোগ সত্ত্বেও কংগ্রেস নেতৃত্ব কেন বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং শাসক দল জেএমএম-কে নিশানা করে সাহু প্রশ্ন তোলেন, সরকার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করবে নাকি জোটসঙ্গীকে বাঁচাতে নীরব থাকবে? অবিলম্বে বিধায়ককে গ্রেফতার ও নির্যাতিতার নিরাপত্তা নিশ্চিত না করা হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তাঁর মতে, রাজনৈতিক প্রভাব যেন কাউকে আইনি জবাবদিহি থেকে রক্ষা করতে না পারে।

আরও পড়ুন: নগ্ন ছবির ফাঁদ! দেশের গোপন যুদ্ধ পরিকল্পনা ফাঁস এয়ার ফোর্স অফিসারের, চরম বিশ্বাসঘাতকতা

প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস এবং চম্পাই সোরেন-সহ অন্যান্য বিজেপি নেতারাও রাজ্য সরকারের সমালোচনা করে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। বিধায়কের গ্রেফতারের দাবিতে বিজেপি কর্মীরা সিমডেগায় বিক্ষোভ দেখান এবং রাঁচির ধুরওয়া থানা ঘেরাও করেন। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবীও ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাবালিকার সুরক্ষার দাবি তুলেছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজেশ ঠাকুর বিজেপির বিরুদ্ধে বিষয়টি নিয়ে রাজনীতি করার অভিযোগ এনে পুলিসকে স্বাধীনভাবে তদন্ত করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES