জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্ল্যাটের ভিতর তীব্র বচসা। জিম ট্রেনারকে পিটিয়ে খুনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য। নিহত যুবকের নাম নন্দন (২৫)। গত রবিবার সকাল ৭টা থেকে সাড়ে সাতটার মধ্যে তাঁর ক্লায়েন্টের ফ্ল্যাটের ভিতর ঘটনাটি ঘটে। ইতোমধ্যেই পুলিস চারজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের মধ্যে নিহতের তিন সহকর্মী এবং ক্লায়েন্ট-সহ মোট চারজন রয়েছে। ঘটনাটি বেঙ্গালুরুর কেম্পাপুরা এলাকার।
নিহত নন্দনের বাড়ি ইয়েলাহাঙ্কার জক্কুর লেআউটে। তিনি সহকার নগরের একটি জিমে ট্রেনার হিসেবে কাজ করতেন। ধৃত চারজনের নাম বিশ্বনাথ, শরথ, নিশান্ত ও অনুশ। এদের মধ্যে বিশ্বনাথ, শরথ ও নিশান্ত ছিলেন জিমে নন্দনের সহকর্মী। অন্য অভিযুক্ত অনুশ ছিলেন তাঁদেরই ক্লায়েন্ট, যাঁকে তাঁরা প্রশিক্ষণ দিতেন। বিশ্বনাথ ছিলেন অনুশের ব্যক্তিগত ট্রেনার।
কী থেকে ঘটনার সূত্রপাত:
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সন্ধ্যায় জিমের একটি বার্ষিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষ করে নন্দন তাঁর তিন সহকর্মীকে সঙ্গে নিয়ে কেম্পাপুরায় অনুশের ফ্ল্যাটে নাইট স্টের জন্য গিয়েছিলেন। পরের দিন রবিবার সকালে ওই ফ্ল্যাটের তাঁদের মধ্যে ব্যক্তিগত কোনও বিষয় নিয়ে ব্যাপক বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তে সেই বচসা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। হাতাহাতির সময় নন্দন গুরুতর জখম হন। মারামারিতে অন্য দুই অভিযুক্ত বিশ্বনাথ ও শরথও সামান্য চোট পান।
রক্তাক্ত অবস্থায় নন্দনকে দ্রুত হেব্বালের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে জখম অত্যন্ত গুরুতর হওয়ায় চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
পুলিস কী জানাল?
উত্তর-পূর্ব বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অফ পুলিস (ডিসিপি) মিথুন কুমার জানান, এই ঘটনায় অম্রুতহাল্লি থানায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ব্যক্তিগত শত্রুতা বা পুরনো কোনও বিরোধের জেরেই এই খুন। ঘটনার প্রকৃত কারণ ও সঠিক সময়ক্রম জানতে পুলিস এলাকার সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড-সহ বিভিন্ন ডিজিটাল তথ্য খতিয়ে দেখছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)