ল্যাপটপ লক, আইডি ডিএক্টিভেটেড: পুজোর পর অফিস জয়েন করতেই ৫৫০ লোকের চাকরি খেল দেশের বিরাট সংস্থা, নির্মম ছাঁটাই
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগাম কোনও নোটিস নেই, কোনও আলোচনা বা এইচআর (HR)-এর ফোন কল ছাড়াই নিঃশব্দে একলহমায় ৫৫০ কর্মীর কাজ চলে গেল তথ্যপ্রযুক্তি ও ডেটা ইঞ্জিনিয়ারিং সংস্থা ইনোডাটা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (Innodata India Pvt Ltd) থেকে। সোমবার, ২৬ অক্টোবর রোজকার কাজের দিনের মতোই সকাল শুরু হয়েছিল কর্মীদের। কিন্তু দুপুরের মধ্যেই একের পর এক ল্যাপটপ লগ-আউট, সিস্টেম অ্যাকাউন্ট ব্লক এবং অফিসিয়াল আইডি নিষ্ক্রিয় (IDs Deactivated) হয়ে যায়। সূত্রের খবর, ভারতে প্রায় ৫৫০ জন কর্মীকে এই আকস্মিক ছাঁটাইয়ের (Sudden Layoffs) শিকার হতে হয়েছে। একই দিনে ভারতের পাশাপাশি ফিলিপিন্সেও (Philippines) বড় কর্মী ছাঁটাইয়ের খবর সামনে এসেছে।

ঠিক কী ঘটেছিল ২৬ অক্টোবরের সেই দুপুরে?
কর্মীদের বিবরণ অনুযায়ী, সোমবার সকালে কর্মীরা সাধারণ নিয়ম মেনেই নিজস্ব কম্পিউটারে লগ-ইন করে কাজ করেছিলেন। কাজের চাপও ছিল সপ্তাহের শুরুর দিনের মতো স্বাভাবিক। কিন্তু মধ্যাহ্নভোজের সময় থেকেই কানাঘুষো শোনা যায় যে, ফিলিপিন্স অফিসে জুম কলের (Zoom Call) মাধ্যমে বেশ কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সেই খবরের সত্যতা যাচাই করতে ভারতীয় কর্মীরা অভ্যন্তরীণ এইচআর পোর্টালে (HR Portal) লগ-ইন করার চেষ্টা করতেই হতবাক হয়ে যান। দেখা যায়, সিস্টেমের খাতায় ২৬ অক্টোবর তারিখটিকেই তাঁদের ‘ইস্তফার তারিখ’ (Resignation Date) এবং ‘শেষ কর্মদিবস’ (Last Working Day) হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়েছে।
এর কিছুক্ষণ পরেই কর্মীদের অফিশিয়াল অ্যাকাউন্ট, স্লাক চ্যানেল এবং পে-রোল অ্যাপের অ্যাক্সেস পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ব্যক্তিগত ইমেলে বরখাস্তের চিঠি
অফিসিয়াল ল্যাপটপ বা মেল আইডি কেড়ে নেওয়ার পর, বিকেলে কর্মীদের ব্যক্তিগত ইমেল আইডিতে (Personal Email) পাঠানো হয় বরখাস্তের চিঠি (Termination Letter)। চিঠিতে কোনও কর্মীর ব্যক্তিগত কর্মক্ষমতা বা ব্যর্থতার অভিযোগ তোলা হয়নি। বদলে উল্লেখ করা হয়েছে-- সংস্থার নির্দিষ্ট কিছু ব্যবসায়িক প্রকল্পের পরিধি কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার কারণে (Ramp-down of Business Assignment) এই বাধ্যতামূলক ছাঁটাইয়ের সিদ্ধান্ত। চিঠিতে এ-ও জানানো হয় যে, কোম্পানির সম্পত্তি (ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস) ফেরত দেওয়ার পরই বকেয়া পাওনা মেটানোর ডিমান্ড ড্রাফট (Demand Draft) করা হবে।
ক্ষুব্ধ কর্মীদের অন্যতম বড় অভিযোগ হল-- পে-রোল এবং এইচআর অ্যাপের অ্যাক্সেস আচমকা কেড়ে নেওয়ায় তাঁরা ভবিষ্যৎ চাকরির জন্য প্রয়োজনীয় পে-স্লিপ (Payslips) ও অভিজ্ঞতার প্রশংসাপত্রটুকুও ডাউনলোড করার সুযোগ পাননি।
আতঙ্কিত কর্মীরা পরে নিজস্ব উদ্যোগে হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp Group) তৈরি করেন, যেখানে নিমেষের মধ্যেই প্রায় ৫০০ জন অসহায় কর্মী যুক্ত হন।
আন্তর্জাতিক প্রভাব: ফিলিপিন্সেও একই ছবি
ইনোডাটার এই ছাঁটাই কেবল ভারতের সীমাবদ্ধ থাকেনি। সামাজিক মাধ্যম এবং পেশাদার ফোরামের তথ্য অনুযায়ী, ফিলিপিন্সের ম্যানিলা ও অন্যান্য শাখার কোয়ালিটি এক্সপার্ট, রেটার, টিম লিড এবং অপারেশনাল ম্যানেজারদেরও একইভাবে ছাঁটাই করা হয়েছে। জানা গিয়েছে, আন্তর্জাতিক কোনও বড় ক্লায়েন্ট বা টেক জায়ান্টের প্রজেক্টের কাজের পরিধি হঠাৎ হ্রাস পাওয়াই এই গণছাঁটাইয়ের মূল কারণ।
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নতুন করে শঙ্কা
একাধিক টেক জায়ান্ট সংস্থায় যখন ব্যয় সংকোচন এবং কৃত্রিম মেধা ও অটোমেশনের কারণে রদবদল চলছে, তখন ইনোডাটার মতো বিশ্বস্ত ডেটা সলিউশন সংস্থায় এই ধরনের ‘অমানবিক ছাঁটাই পদ্ধতি’ (Cold Layoffs) নিয়ে ভারতীয় আইটি মহলে ক্ষোভ উস্কে উঠেছে। কর্মীদের দাবি, অন্তত ন্যূনতম নোটিস পিরিয়ড কিংবা এইচআরের তরফে সম্মানজনক আলোচনার সুযোগ দেওয়া প্রশাসনের দায়িত্বের মধ্যেই পড়ে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)