প্যান্ডেল হপিংয়ে পায়ের ব্যথা আটকাতে ভরসা কোন জুতো? পুজোর আগে জেনে নিন
Durga Puja Fashion 2026: সারাদিন প্যান্ডেল ঘোরার পরিকল্পনা থাকলে শুধু দেখতে সুন্দর হলেই হবে না, জুতোর আরামও দেখতে হবে। এমব্রয়ডারি করা জুতি, কিটেন হিল, প্ল্যাটফর্ম হিল এবং ট্রেন্ডি স্নিকার্স- পোশাক ও ব্যবহারের ধরন অনুযায়ী বেছে নিতে পারেন যে কোনওটি। নতুন জুতো পুজোর আগে কয়েকদিন ব্যবহার করে নেওয়ার পরামর্শও রয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুজো মানেই নতুন জামাকাপড়, নতুন সাজ আর বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হপিং। সাজের প্রতিটি খুঁটিনাটি নিয়েই থাকে আলাদা পরিকল্পনা। তবে পোশাক আর গয়নার পাশাপাশি জুতো বাছাইয়েও একটু বুদ্ধি খাটানো দরকার। কারণ পুজোর দিন ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে গিয়ে অস্বস্তিকর জুতো পরলে পুরো আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। এখন ফ্যাশনে এমন বেশ কিছু জুতোর ধরন রয়েছে, যেগুলিতে স্টাইলের সঙ্গে আরামও পাওয়া যায়। আপনার পোশাক এবং পুজোর দিনের পরিকল্পনা অনুযায়ী বেছে নিতে পারেন পছন্দের জুতো।
শাড়ি বা কুর্তির সঙ্গে এমব্রয়ডারি করা জুতি
ভারতীয় পোশাকের সঙ্গে এমব্রয়ডারি করা জুতি বেশ মানানসই। শাড়ি, কুর্তি কিংবা সালোয়ার- প্রায় সব ধরনের দেশীয় পোশাকের সঙ্গেই এই জুতো পরা যায়। বিশেষ করে যাঁরা হিল পরে দীর্ঘক্ষণ হাঁটতে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য জুতি ভালো বিকল্প হতে পারে। রঙিন কাজ বা এমব্রয়ডারি থাকলে সাধারণ সাজেও উৎসবের আমেজ চলে আসে।
একটু হিল চাইলে কিটেন হিল
খুব উঁচু হিল না পরে একটু স্টাইলিশ লুক চাইলে কিটেন হিল বেছে নিতে পারেন। এই ধরনের জুতো ক্যাজুয়াল ও ফেস্টিভ, দুই ধরনের সাজেই মানিয়ে যেতে পারে। তবে পুজোর দিন অনেকটা হাঁটতে হলে জুতোটিতে আপনি স্বচ্ছন্দ কিনা, সেটা আগে দেখে নেওয়া জরুরি।
ফ্যাশনেবল লুকের জন্য প্ল্যাটফর্ম হিল
যাঁরা হিল পরতে অভ্যস্ত এবং একটু অন্যরকম লুক চান, তাঁদের জন্য প্ল্যাটফর্ম হিল হতে পারে পছন্দ। বিশেষ করে পালাজো, শর্ট স্কার্ট বা ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে এই ধরনের জুতো বেশ ভালো মানায়। তবে শাড়ির সঙ্গে প্ল্যাটফর্ম হিল সবসময় একই রকম মানানসই নাও হতে পারে।
পুজোয় স্নিকার্সও হতে পারে স্টাইল স্টেটমেন্ট
প্যান্ডেল হপিংয়ে যদি মূল লক্ষ্য হয় অনেকটা হাঁটা, তাহলে স্নিকার্সের থেকে আরামদায়ক বিকল্প খুঁজে পাওয়া কঠিন। বর্তমানে শাড়ি বা লং স্কার্টের সঙ্গেও স্নিকার্স পরার চল রয়েছে। ফলে সাবেকি সাজের সঙ্গে আধুনিক ছোঁয়াও দেওয়া যায়। সাদা বা কালো স্নিকার্সের পাশাপাশি মেটালিক ফিনিশ, রঙিন বা এমব্রয়ডারি করা স্নিকার্সও বেছে নিতে পারেন।
পুজোর আগে নতুন জুতো পরে নিন
পুজোর দিন প্রথমবার নতুন জুতো পরে দীর্ঘক্ষণ হাঁটা একেবারেই ভালো অভ্যাস নয়। কয়েকদিন আগে জুতো কিনে বাড়িতে বা অল্প সময় বাইরে পরে হাঁটুন। এতে জুতো পায়ে মানিয়ে যাবে এবং কোথাও ঘষা লাগছে কি না সেটাও বোঝা যাবে। নতুন জুতো পরার আগে পায়ে ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। পুজোর ভিড়ে দীর্ঘক্ষণ হাঁটার পরিকল্পনা থাকলে ব্যাগে একটি ব্যান্ডেড রাখাও কাজে আসতে পারে।
স্টাইলের আগে পায়ের আরাম
পুজোর ফ্যাশনে ট্রেন্ড অনুসরণ করা ভালো, কিন্তু পায়ে কষ্ট হয় এমন জুতো শুধু দেখতে সুন্দর বলে পরে থাকার কোনও মানে নেই। পুজোর দিন কোথায় যাচ্ছেন, কতটা হাঁটবেন এবং কোন পোশাক পরছেন, এই তিনটি বিষয় মাথায় রেখেই জুতো বাছাই করুন। শেষ কথা, পুজোর সাজ তখনই সম্পূর্ণ, যখন সারাদিন ঘোরার পরও মুখে হাসি থাকে, পায়ে ব্যথা নয়।
আরও পড়ুন, চুল কাটার পর ঘাড় মটকানো পছন্দ আপনার? ক্ষণিকের আরামেই মারাত্মক ঝুঁকি, ডেকে আনতে পারে মৃত্যু!
আরও পড়ুন, ওজন কমানোর চক্করে শরীরে প্রয়োগ করছেন 'অ্যাটম বোমা'? ওজেম্পিক নিয়ে চিকিৎসকদের চরম হুঁশিয়ারি!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)