ট্রাম্প হারতেই ডুবে যাচ্ছে আমেরিকা? ফ্লাইটের পর এবার ব্যাংক-বিপর্যয়, সবার অ্যাকাউন্ট বন্ধ, লেনদেন স্তব্ধ-- টাকার হাহাকার ভারতীয়দেরও?
US Banking Outage: জেপিমরগ্যান চেজ ও ব্যাঙ্ক অফ আমেরিকা সহ একাধিক মার্কিন ব্যাঙ্কে বড়সড় বিভ্রাট সাইবার হামলা নাকি সফটওয়্যার বিপর্যয়--কেন আটকে গেল হাজার হাজার গ্রাহকের লেনদেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তাহান্তে হল মাইক্রোসফট বিপর্যয়, তারপরেই দেশের বিমান পরিষেবা ভেঙে পড়ল, লক্ষ লক্ষ যাত্রী অপেক্ষারত বিমানবন্দরে। সারা দেশে দুশ্চিন্তা। আর এরপরেই সোমবার শুরু হতেই নিজের অ্যাকাউন্টেই ঢুকতে পারছেন না হাজার হাজার গ্রাহক। আমেরিকার একের পর এক দুর্যোগের পর এবার ব্যাংকিং পরিষেবায় বড় বিপর্যয়, কিন্তু এর নেপথ্যে কী?
হঠাৎ করেই নিজের ব্যাংক অ্যাকাউন্টে লগ-ইন করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না ব্যালেন্স, আটকে গিয়েছে জরুরি টাকা লেনদেন (Transactions)। সোমবার এমনই নজিরবিহীন প্রযুক্তিগত বিভ্রাটের (Tech Outage) সাক্ষী থাকল আমেরিকার ব্যাংকিং ব্যবস্থা। জেপিমরগ্যান চেজ (JPMorgan Chase), ব্যাংক অফ আমেরিকা (Bank of America), ওয়েলস ফার্গো (Wells Fargo) এবং ইউএস ব্যাংকের (US Bank) মতো শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের হাজার হাজার গ্রাহক চরম ভোগান্তির মুখে পড়েন।
ওয়েবসাইট ডাউনডিটেক্টরের (Downdetector) তথ্য অনুযায়ী, প্রায় ২০,০০০-এরও বেশি গ্রাহক অনলাইন অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং পেমেন্ট সংক্রান্ত সমস্যার অভিযোগ জানিয়েছেন।
আসল কারণ কী? সাইবার হামলা নাকি সফটওয়্যার ত্রুটি?
ব্যাংক পরিষেবা স্তব্ধ হতেই আমেরিকা জুড়ে সাইবার হামলার (Cyber Attack) আশঙ্কা ছড়িয়ে পড়ে। তবে আমেরিকার বৃহত্তম ব্যাংক জেপিমরগ্যান চেজ স্পষ্ট জানিয়েছে, এর নেপথ্যে কোনও হ্যাকার বা সাইবার আক্রমণের যোগ নেই। বরং জটিল 'সফটওয়্যার বাগ' (Software Bug)-এর কারণেই লেনদেন প্রক্রিয়াকরণে (Transaction Processing) এই বিপত্তি ঘটেছে।
কী জানিয়েছে আমেরিকার ব্যাংক ইউনিয়ন?
অন্যদিকে, ইউএস ব্যাংক জানিয়েছে, তাদের নিজস্ব সিস্টেম সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও, 'জেল' (Zelle) পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে অন্য ব্যাংকের সঙ্গে টাকা আদান-প্রদান করতে গিয়ে গ্রাহকরা বাধার সম্মুখীন হয়েছেন।
অর্থাৎ, একটি বড় ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি চেইন রিঅ্যাকশনের মতো অন্যান্য ব্যাংকের লেনদেনের গতিকেও শ্লথ করে দেয়। যদিও সোমবার সন্ধ্যার পর জেপিমরগ্যান পরিষেবা স্বাভাবিক হওয়ার দাবি করেছে।
এক সপ্তাহে তিন-তিনটি বড় বিপর্যয়ে প্রশ্নের মুখে মার্কিন প্রযুক্তি
ব্যাংকিং পরিষেবার এই অচলাবস্থা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত এক সপ্তাহের মধ্যে আমেরিকায় পরপর তিনটি বড় প্রযুক্তিগত বিপর্যয় (Major Technology Incidents) ঘটেছে
- মাইক্রোসফট বিভ্রাট (Microsoft Global Outage): গত সপ্তাহে বিশ্ব জুড়ে ৭০টিরও বেশি দেশে মাইক্রোসফটের আউটলুক (Outlook), টিমস (Teams) এবং কোপাইলট (Copilot) পরিষেবা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে স্তব্ধ ছিল।
- বিমান পরিষেবায় অচলাবস্থা (FAA Ground Stop): শুক্রবার আমেরিকার এয়ার ট্রাফিক নেটওয়ার্কে (FAAFTI Network) পুরনো যন্ত্রপাতির (Legacy Equipment) প্রযুক্তিগত ত্রুটির জেরে নিরাপত্তার খাতিরে দেশ জুড়ে সমস্ত উড়ান ৪ ঘণ্টারও বেশি সময় বন্ধ রাখতে হয়েছিল।
- ব্যাংকিং বিপর্যয়: আর সপ্তাহের শুরুতেই ধাক্কা খেল দেশের আর্থিক লেনদেন ব্যবস্থা।
বিশেষজ্ঞদের উদ্বেগ
যদিও প্রতিটি ক্ষেত্রেই কর্তৃপক্ষ 'সাইবার বা এআই (AI) হামলার' তত্ত্ব উড়িয়ে দিয়ে সাধারণ প্রযুক্তিগত ত্রুটিকেই দায়ী করেছে, তবুও পরপর এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, পুরনো সিস্টেমের আধুনিকীকরণ না হওয়া এবং হাতেগোনা কয়েকটি টেক জায়ান্টের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাই বিশ্বজুড়ে এমন ডিজিটাল বিপর্যয়ের পথ প্রশস্ত করছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)