জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৬ সালের চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ল ডিসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল। নোবেল কমিটি জানিয়েছে, ৫৪ বছরের কার্ল ডিসেরথ, ৭১ বছরের পিটার হেগেমান এবং ৭৩ বছর বয়সি জর্জ নাগেল 'লাইট-গেটেড আয়ন চ্যানেল' ও 'অপটোজেনেটিক্স' নিয়ে গবেষণা করেছেন। এবং এই 'আলোক-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস' আবিষ্কারের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতে নিলেন তাঁরা। অপটোজেনেটিক্স পদ্ধতিতে মস্তিষ্কের স্নায়ুকোষগুলি স্মৃতি ও অনুভূতিতে কীভাবে আচরণ করে-- তা দেখানো সম্ভব।
আলোকিত প্রোটিন
পিটার হেগেমান ও জর্জ নাগেল একটি এককোষী শৈবালের মধ্যে 'চ্যানেলরোডোপসিন' নামের এক প্রোটিন আবিষ্কার করেন। পরে কার্ল ডিসেরথ ওই প্রোটিনকে স্নায়ুকোষের জন্য একটি আলোক-নিয়ন্ত্রিত সুইচে রূপান্তর করেন। এর অর্থ, অপ্টোজেনেটিক্স ব্যবহার করে গবেষকেরা স্নায়ুর বিশেষ সার্কিট উন্মোচন করতে সক্ষম হয়েছেন।
স্নায়ু, মন, মস্তিষ্ক, চোখ
এই সার্কিটগুলি নির্দিষ্ট স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণ করে, যা স্নায়বিক ও মানসিক রোগের সঙ্গে সম্পর্কিত। দৃষ্টিহীন ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার চেষ্টায় গবেষকরা ইতিমধ্যেই এই পদ্ধতি ব্যবহার করতে শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, মস্তিষ্ক সম্পর্কে আমাদের জানা ও বোঝাকে পুরোপুরি বদলে দিয়েছে অপ্টোজেনেটিক্স। তাছাড়া মস্তিষ্ক ঠিক কীভাবে কাজ করে, এ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এই তিন জনের আবিষ্কার সেই রহস্য ভেদ করতে সহায়তা করছেন বিজ্ঞানীদেরকে।
ক্রমশ প্রকাশ্য
চিকিৎসায় নোবেল পুরস্কার প্রদানের মাধ্যমে এ বছরের প্রথম নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হলো। এরপর সুইডেন ও নরওয়ে থেকে ক্রমান্বয়ে ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। বিজ্ঞান, শান্তি ও সাহিত্যে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে ১৯০১ সাল থেকে সুইডিশ বিজ্ঞানী ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছানুসারে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)