SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

অণুর রূপ এবং আয়নার প্রতিবিম্বের ভিতর দিয়ে হেঁটে 'হাত' থেকে রসায়নে নোবেল পেলেন কাগান-সোয়াই

Nobel Prize 2026 in Chemistry: অ্যামিনো অ্যাসিডের মতো কিছু অণু দুটি রূপে থাকে, যা একে অপরের প্রতিবিম্ব। তবে সব জীবদেহে এসব অণুর শুধু একটি রূপই দেখতে পাওয়া যায়। রাসায়নিক প্রক্রিয়ায় এই ধরনের বিষমতা কীভাবে তৈরি হয়েছিল, তা রসায়নবিদদের কাছে দীর্ঘদিন ধরে রহস্য ছিল। এই জটিল রহস্য এতদিনে সমাধান করা সম্ভব হল।

Written By Soumitra Sen
Published: Oct 08, 2026, 06:50 PM IST | Updated: Oct 08, 2026, 06:55 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ বছর রসায়নে নোবেল পেয়েছেন বিজ্ঞানী হেনরি কাগান ও কেনসো সোয়াই। নোবেল কমিটি জানিয়েছে, অ্যাসিমেট্রিক জৈব সংশ্লেষণে নন-লিনিয়ার প্রভাব এবং অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য তাঁদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের তরফে জানানো হয়েছে, কাগান ও সোয়াই শতাব্দীপ্রাচীন এক রাসায়নিক রহস্যের সমাধান খুঁজে দিয়েছেন। কোন সে-রহস্য?

আরও পড়ুন: নোবেল কমিটির খাতায় বাঙালির নাম! সাহিত্যে জগতের সর্বোচ্চ পুরস্কার ঘোষণার আগেই...

অণুর রূপ এবং আয়না

অ্যামিনো অ্যাসিডের মতো কিছু অণু দুটি রূপে থাকে, যা একে অপরের প্রতিবিম্ব। তবে সব জীবদেহে এসব অণুর শুধু একটি রূপই দেখতে পাওয়া যায়। রাসায়নিক প্রক্রিয়ায় এই ধরনের বিষমতা কীভাবে তৈরি হয়েছিল, তা রসায়নবিদদের কাছে দীর্ঘদিন ধরে রহস্য ছিল। এই জটিল রহস্য এতদিনে সমাধান করা সম্ভব হল। এরই স্বীকৃতিস্বরূপ ফরাসি বিজ্ঞানী কাগান ও জাপানি বিজ্ঞানী সোয়াইকে এ বছর রসায়নে নোবেলের জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি। তাঁদের গবেষণা থেকে বোঝা যায়, কীভাবে একটি অণুর আয়নার প্রতিবিম্বের মতো দুই ধরনের রূপের মধ্যে একটি অন্যটির তুলনায় বেশি প্রাধান্য পেতে পারে।

'হাত' থেকে নোবেল

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের তরফে জানানো হয়েছে, কাগান ও সোয়াই শতাব্দী প্রাচীন একটি রাসায়নিক রহস্যের সমাধান খুঁজে দিয়েছেন। কোন রহস্য? সেটি হল-- কীভাবে স্বতঃস্ফূর্ত ভাবে হোমোকাইরালিটি তৈরি হতে পারে।  হোমোকাইরালিটি-র অর্থ একই ধরনের কাইরাল রূপ। কিন্তু 'কাইরাল রূপ' বিষয়টা কী? নোবেল কমিটির রসায়ন বিভাগের চেয়ারম্যান হেইনার লিঙ্কে এই পুরস্কার-প্রসঙ্গে যে কথা বলেছেন, তা থেকেই এই 'কাইরাল' ব্যাপারটি বুঝে নেওয়া যেতে পারে। তিনি বলেছেন, ''অনেক অণু দুই ভিন্ন রূপে দেখা যায়। যেমন আমার দুই হাত। তারা একে অপরের আয়নার প্রতিবিম্ব। তবে, দেখতে তারা একই রকম হলেও আসলে তারা এক নয়, আলাদা-আলাদা। আমি আমার দুই হাতকে পুরোপুরি মেলাতে পারি না। এই ধরনের অণুকেই পরিভাষায় 'কাইরাল' (chiral) বলা হয়। 'কাইরাল' শব্দটি এসেছে গ্রিক শব্দ 'হাত' থেকে।''

নোবেল-কথা

প্রসঙ্গত এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন কানাডার কবি অ্যান কারসন। ২০২৬ সালের চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ল ডিসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল। আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের স্বীকৃতি হিসেবে ফ্রান্সিস হালজেনকে এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। নোবেলজয়ী বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল, একটি মানপত্র এবং ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাঁদের মধ্যে এই অর্থ ভাগ হবে। বিজ্ঞান, শান্তি ও সাহিত্যে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে ১৯০১ সাল থেকে সুইডিশ বিজ্ঞানী ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছানুসারে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES