মেয়ে আমার, কাউকে দেব না! সন্তানের অধিকার হারানোর পরই ছোট্ট শিশুকে গুলিতে ঝাঁঝরা করল মা
টেক্সাসের হিউস্টনে চার বছরের মেয়েকে গুলি করে খুন মায়ের। আদালতের নির্দেশে ওই দিনই সন্তানকে স্বামীর হাতে তুলে দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই নির্দেশ মেনে নিতে পারেননি। মেয়েকে খুনের পর তিনি নিজের মুখেও গুলি চালিয়ে আত্মঘাতী হন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আদালতে চলছে চার বছরের মেয়ের কাসটডির লড়াই। হেরে গেলেন মা, আদালতের নির্দেশ বাবার হাতে তুলে দিতে হবে মেয়েকে। কিন্তু সেই হস্তান্তর আর হল না। আদালতের নির্দেশ মেনে নিতে না পেরে মেয়েকে গুলিতে ঝাঁঝরা করল জন্মদাত্রী মা। তারপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। অভিযুক্ত মায়ের নাম সাভেলা (৩৫)। ঘটনাটি টেক্সাসের হিউস্টনের। সন্তানের কাসটডি হারানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই নৃশংস কাণ্ডটি ঘটে।
ঘটনার খবর পেয়ে হিউস্টন পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা শিশুটির গুলিবিদ্ধ নিথর দেহ পড়ে থাকতে দেখে। ওখানেই তার মা সাইবেলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিস। নিজের মুখে গুলি চালিয়েছিলেন সাভেলা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে বুধবার তাঁরও মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সাইবেলে মূলত ব্রাজিলের বাসিন্দা। চার বছর দাম্পত্যের পর ২০২৪ সালের নভেম্বরে স্বামী অ্যারন সাভেলার সঙ্গে তাঁর ডিভোর্স হয়। বিচ্ছেদের পর থেকেই মেয়ে ভিভিয়ানের হেফাজত নিয়ে দুজনের মধ্যে চরম তিক্ত আইনি লড়াই শুরু হয়। সম্প্রতি একটি পারিবারিক আদালত ভিভিয়ানের হেফাজত সম্পূর্ণভাবে বাবা অ্যারনের হাতে তুলে দেওয়ার রায় দেয়। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার রাতে মেয়েকে অ্যারনের হাতে তুলে দেওয়ার কথা ছিল সাইবেলের। কিন্তু তার আগেই ঘটে যায় সাংঘাতিক এই ঘটনা।
অ্যারনের আইনজীবী শার্লট রেইনওয়াটার জানান, এই ঘটনায় গোটা পরিবার ভেঙে পড়েছে। তিনি বলেন, '২৮ বছর ধরে পারিবারিক আইন নিয়ে কাজ করছি, কিন্তু এই ধরণের ঘটনা নিজের জীবনে কখনও দেখিনি। মঙ্গলবার আদালত রুমে উপস্থিত কেউ এই ঘটনা কল্পনা করেনি যে পরিণতি এমন হতে পারে।'
পরিবারের এক আত্মীয় কাঁদতে কাঁদতে জানান, অ্যারন সবসময় আইনের ওপর আস্থা রেখেছিলেন এবং সব নিয়ম মেনে চলেছিলেন। ভিভিয়ানকে তাঁর বাবা ভীষণ ভালোবাসতেন। আদালতের রায়ে মেয়ে ঘরে ফিরবে বলে সবাই অপেক্ষা করছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আর ফিরল না। আইন মেনে চলার পরেও এমন করুণ পরিণতি পরিবারটি কোনওভাবেই মেনে নিতে পারছে না।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)