SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

হঠাৎ উড়ে এল... ওমান উপকূলে ভারতীয় কার্গো জাহাজে 'রহস্য' হামলা! ভারতীয় নাবিকের মৃত্যু

Indian Cargo Ship attacked: ওমান উপকূলের কাছে ভারতের পতাকাবাহী কার্গো জাহাজে অজ্ঞাত উড়ন্ত বস্তুর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। ওমানের কোস্ট গার্ড ১৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 03, 2026, 03:27 PM IST | Updated: Nov 03, 2026, 03:50 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী জাহাজে রহস্যজনক হামলা। নিহত ১ ভারতীয় নাবিক। ওমান উপকূলের কাছে মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনা। সংযুক্ত আরব আমিরশাহীর আল হামরিয়া বন্দর থেকে ১৪ জন ভারতীয় নাবিককে নিয়ে গুজরাটের পোরবন্দরের দিকে আসছিল ভারতের পতাকাবাহী কার্গো জাহাজ ‘এমএসভি আল জুসুফি’ (MSV Al Jusufi)। মাঝসমুদ্রে হঠাৎই অজ্ঞাতপরিচয় এক উড়ন্ত বস্তু সরাসরি আঘাত হানে জাহাজটিতে। হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি। পাশাপাশি হামলার জেরে জাহাজে থাকা এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। 

১৩ জনকে উদ্ধার

নিহত ওই নাবিকের নাম গন্ধর নহিম আজিজ। বাড়ি গুজরাটে। আকস্মিক এই ভয়াবহ হামলার জেরে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। জাহাজে মোট ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর ওমানের উপকূলরক্ষী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে। কেন্দ্রীয় জাহাজ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বাকি ১৩ জন নাবিকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। নিহত নাবিকের মৃতদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনতে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিরলসভাবে যোগাযোগ রাখা হচ্ছে।

বিদেশ মন্ত্রকের বক্তব্য

ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ পরিকাঠামোর ওপর এই ধরনের হামলা মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট বার্তা দিয়েছে নয়াদিল্লি। অবিলম্বে উত্তেজনা প্রশমন, কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক আইন মেনে সমুদ্রপথে নিরাপদ ও অবাধ বাণিজ্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার পর থেকেই উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা বড় সংকটের মুখে পড়েছে। এর আগেও একাধিক বাণিজ্যিক জাহাজ বিভিন্ন সামরিক হানার শিকার হয়েছে, যা আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিয়ে নতুন করে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।

আরও পড়ুন, কেশম দ্বীপে আছড়ে পড়ল মিসাইল, সমঝোতার বার্তার পরেই আরও জোরালো মার্কিন হামলা! ইরান ধ্বংসের নোংরা ছক আমেরিকার?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES