জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমানে বোমা! ছড়াল আতঙ্ক। তড়িঘড়ি ফেরানো হল উড়ান। প্যাসেঞ্জার এয়ারবাস এ৩২০ এয়ারক্র্যাফ্ট উড়ছিল ডাবলিন-রোম রুটে। বোমার আতঙ্কে সেটিকে ফেরানো হল ফ্রান্সের এয়ারবেসে। এটা অবশ্য সাম্প্রতিক কালে কিছু নতুন ঘটনা। ইউরোপ রুটে ইদানীং এটা বারবার ঘটছে। পোলিশ এয়ারলাইন, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনস, উইজ এয়ার অ্যান্ড রায়ানএয়ারে। কদিন আগেই বুলগেরিয়াগামী একটি প্লেনকে বোমাতঙ্কের খবরের জেরে হাঙ্গেরির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। যদিও বড় ধরনের কিছু সেদিন ঘটেনি।
উড়ানে পরপর বোমাহুমকি
ইউরোপ জুড়ে যাত্রীবাহী উড়ানে পরপর বোমার হুমকির ঘটনা ঘটছে। ইউরোপের আকাশপথের নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বেগ দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের একাধিক ফ্লাইটে হুমকি আসা এবং এর জেরে উড়ানের গতিপথ বদল, তার জরুরি অবতরণ ও এ-সংক্রান্ত ব্যাপক নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তবে কোনো উড়োজাহাজেই বিস্ফোরক পাওয়া যায়নি। গত মঙ্গলবার ম্যানচেস্টার থেকে স্পেনের মুরসিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটে হুমকি পাওয়ার পরে এটির জরুরি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিমানটির ১১৪ যাত্রী ও সাত ক্রুকে নিরাপদে নামিয়ে তল্লাশি চালানো হয়েছিল বিমানে। ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে লিসবন ও ডাবলিন থেকে আসা রায়ানএয়ারের দুটি ফ্লাইটেও বোমাতঙ্ক ছড়ায়। ডাবলিন থেকে আসা উড়োজাহাজটিকে ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমান পাহারা দিয়ে অবতরণ করায়। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াগামী রায়ানএয়ার ও উইজ এয়ারের দুটি ফ্লাইটেও হুমকি আসে। তল্লাশিতে কোনো বিস্ফোরক মেলেনি।
উড়ান থেকে প্রমোদতরণি
পোল্যান্ডে লন্ডন থেকে আসা একটি ফ্লাইট হুমকির পর ওয়ারশ-মডলিন বিমানবন্দরে আচমকা অবতরণ করে। সতর্কতার কারণে বিমানবন্দরটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়। কোপেনহেগেন থেকে ওয়ারশগামী আরেকটি ফ্লাইট অবতরণের পরে পরীক্ষা করা হয়। এর আগে লন্ডন থেকে সোফিয়াগামী একটি ফ্লাইট হুমকির কারণে হাঙ্গেরির বুদাপেস্টে ঘুরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে, গ্রিসের সাইর দ্বীপের কাছে নোঙর করা ইসরায়েলগামী ক্রাউন আইরিস নামের প্রমোদতরিতেও বোমার হুমকি দেওয়া হয়। এতে প্রায় দেড় হাজার যাত্রী ও নাবিক ছিলেন। তল্লাশিতে সেখানেও বিস্ফোরক পাওয়া যায়নি।
অভিযোগ কাদের দিকে?
তবে, এসব ঘটনার দায় কেউ স্বীকার করেনি। আর উল্টোদিক থেকে কোনো দেশ বা পক্ষকে দায়ী করেননি সংশ্লিষ্ট কর্মকর্তারাও। ইউরোপীয় কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে এই সব নাশকতামূলক কাজের অভিযোগ তুললেও খোদ মস্কো ও তেহরান তা সঙ্গে সঙ্গে অস্বীকার করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)