জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রকৃতির রাজ্যে চলছে বিরাট উথালপাথাল। মহা বিশৃঙ্খলা। ইউরোপ জুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহের কারণে চলতি বছর সুইজারল্যান্ডের হিমবাহগুলির বরফ দ্রুত গলছে। ফলে হিমবাহগুলি দ্রুত সংকুচিত হয়ে আসছে। সম্প্রতি প্রকাশিত সুইস গ্লেসিয়ার মনিটরিং নেটওয়ার্ক (গ্ল্যামোস) এবং সুইস একাডেমি অব সায়েন্সেসের সুইস কমিশন ফর ক্রায়োস্ফিয়ার অবজারভেশনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সুইজারল্যান্ডের হিমবাহগুলির ৫ শতাংশেরও বেশি বরফ গলে গিয়েছে। চট করে বোঝা না গেলেও পরিমাণটা কিন্তু বিশাল!
হিমবাহ সংকোচন
বিশ্ব জুড়ে হিমবাহ সংকুচিত হওয়ার হার দ্রুত বাড়ছে। অতিরিক্ত বরফ গলার ঘটনা বিশ্বের বিভিন্ন দেশে প্রায় নিয়মিত একটা ঘটনা হয়ে উঠছে। সম্প্রতি যে জানা গেল যে, গত পাঁচ বছরে সুইজারল্যান্ডের হিমবাহগুলি তার প্রায় এক-পঞ্চমাংশ বরফ হারিয়েছে, তাতে তৈরি হয়েছে এক মহা আতঙ্কের আবহ। এতে ভবিষ্যতে জল সরবরাহ নিয়ে বড় মাপের উদ্বেগ তৈরি হয়েছে।
দ্রুত মিলিয়ে যাচ্ছে
ইউরোপের বরফে ঢাকা এলাকাগুলির দীর্ঘমেয়াদি অস্তিত্ব নিয়েও উঠছে প্রশ্ন। গ্ল্যামোস'র পরিচালক ম্যাথিয়াস হাস বলেন, আমরা এখন এমন এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছি, যেখানে বরফ গলে হিমবাহগুলি চোখের সামনে মিলিয়ে যাচ্ছে! শীতে অপেক্ষাকৃত কম তুষারপাত এবং গ্রীষ্মে রেকর্ড তাপমাত্রার কারণে চলতি বছর ভয়াবহ মাত্রায় হিমবাহের বরফ গলেছে।
ম্যাথিয়াস হাস বলেন, এখন প্রায় প্রতি বছরই চরম পরিস্থিতি দেখা যাচ্ছে।
২.২ ট্রিলিয়ন লিটার জল
গবেষকদের হিসাব বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সুইজারল্যান্ডের হিমবাহগুলি প্রায় ২.২ ট্রিলিয়ন লিটার জল হারিয়েছে। দেশটির পরিবারগুলি এক বছরে যে পরিমাণ খাবার জল ব্যবহার করে, তার চারগুণের বেশি! হিমবাহের বরফ গলার একটি ইতিবাচক দিকও রয়েছে। গ্রীষ্মকালে জলসংকট কিছুটা কমাতে এর বড় ভূমিকা থাকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)