আদালত থেকে ব্যাংক- সব থাকবে বন্ধ! বাংলাদেশজুড়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক ছাত্রলীগের
তবে জরুরি সেবাকে ধর্মঘটের বাইরে রাখা হয়েছে। নিয়মিত চলবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদমাধ্যমের গাড়ি। সফল করতে সাধারণ মানুষ ও তরুণদের মাঠে নামার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মৌমিতা চক্রবর্তী: আট দফা দাবিতে ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগ। তারা মোট আটটি দাবি তুলেছে। গণতন্ত্র ফিরিয়ে আনা, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মানুষের স্বস্তি, মুক্তি ও অধিকার আদায় করতে সারা দেশে একযোগে এই ধর্মঘট পালন করা হবে।
সংগঠনের প্রধান দাবির মধ্যে রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আনা মামলা ও রায় বাতিল করা। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবৈধ এবং ক্যাঙ্গারু কোর্ট হিসেবে আখ্যা দিয়েছে। একইসঙ্গে অন্যান্য নেতাদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মুক্তি দিতে হবে সকল রাজবন্দীকে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর দেওয়া নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র 'ভারতীয়' কন্যা নিথ্যা! আমেরিকায় নতুন ইতিহাস! মামদানির পরে এশিয়ার নয়া জয়
শিক্ষার্থীদের অধিকার রক্ষার বিষয়েও একাধিক দাবি রয়েছে। শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। স্থগিত বা বাতিল করা সার্টিফিকেট ফিরিয়ে দিতে হবে। নিশ্চিত করতে হবে নিয়মিত ক্লাস, পরীক্ষা ও হলে থাকার অধিকার। পাশাপাশি শিক্ষা খাতে দেশের মোট জিডিপির অন্তত ৬ শতাংশ বরাদ্দের দাবি করা হয়েছে। গড়ে তুলতে হবে সব ধরনের সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত শিক্ষাঙ্গন।
অর্থনৈতিক ও সামাজিক সংকটের বিষয়েও কথা বলেছে ছাত্রলীগ। বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস, পানি ও সারের দ্রুত সরবরাহ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে এগুলোর দাম কমাতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরাতে হবে। তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি করতে হবে ৩০ হাজার টাকা। সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে রাজনৈতিক হয়রানি ও রাজনৈতিক স্ক্রিনিং পুরোপুরি বন্ধ করতে হবে। পাবলিক সার্ভিস কমিশনে দলীয়করণ বন্ধ করে মেধার ভিত্তিতে সবার চাকরি পাওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: দেউলিয়া ব্যাংক, দেশ জুড়ে বিশাল ব্যাংকিং সংকটে বিক্ষোভ, বিতর্ক; পদত্যাগ করলেন প্রেসিডেন্ট
এই কর্মসূচি সফল করতে ১০ নভেম্বর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। বন্ধ থাকবে সব দোকানপাট ও কারখানা। সরকারি ও বেসরকারি অফিসও বন্ধ থাকবে। কোনও আদালতে কাজ হবে না। ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে রাস্তায় কোনও বাস ও ট্রাক চলবে না। বন্ধ থাকবে ট্রেন ও নৌযান-সহ সব ধরনের গণপরিবহন।
তবে মানবিক দিক বিবেচনা করে কিছু জরুরি সেবাকে ধর্মঘটের বাইরে রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি স্বাভাবিকভাবেই চলবে। সংবাদমাধ্যমের কর্মীরাও নিয়মমাফিক কাজ করতে পারবেন। সবশেষে এই ধর্মঘটে সক্রিয়ভাবে অংশ নিয়ে কর্মসূচি সফল করার জন্য দেশের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও তরুণসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)