জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই এসেছিলেন শহরে। কলকাতায় তাঁর ফেরা নিয়ে উত্তেজনা থাকেই। ফের পুজোয় শহরে আসছেন তসলিমা নাসরিন। আগামী ৮ অক্টোবর হতে চলেছে শিকল ভাঙার গল্প- নামে একটি বিশেষ অনুষ্ঠান। লে রিদম- সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নিজের লেখা কবিতা পাঠ করবেন তসলিমা। একই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী নারীদের হাতে তুলে দেওয়া হবে ঊমা সম্মান। রিনি মুখোপাধ্যায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেবেন শিকল ভাঙার গল্প অনুষ্ঠানে।
এবারে তসলিমার অনুষ্ঠান হবে মহাজাতি সদনে। অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী তাঁর অগণিত পাঠক, পাঠিকা ও অনুরাগী। আবারও প্রিয় লেখিকাকে সামনে থেকে দেখার অপেক্ষায় তাঁরা।
শুধু কবিতা পাঠ নয়, এবার থাকবে তসলিমা নাসরিনের লেখা এবং অন্যান্য কবিতাকে কেন্দ্র করে গানের আয়োজনও। গান গাইবেন সোমদত্তা বন্দ্যোপাধ্যায়, মৌসুমী হোসেন এবং পিয়ালী হালদার। পুজোর ঠিক আগে কলকাতার সাংস্কৃতিক অনুষ্ঠানের তালিকায় এই আয়োজন বেশ অন্যরকম।
আগস্টের ১ তারিখ প্রায় দু’দশকের নির্বাসন কাটিয়ে কলকাতায় এসেছিলেন তসলিমা। সেবার রবীন্দ্রসদনে সেক্যুলার মিশন নামে এক সংস্থার উদ্যোগে অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, লেখিকার কলকাতা সফরে সমস্ত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করছেন তিনি। যখন খুশি এ শহরে নিশ্চিন্তে আসতে পারেন তসলিমা। সেই সাহসে ভর করেই পুজোর অনুষ্ঠানে আসা।
প্রখ্যাত প্লেব্যাক গায়িকা প্রয়াত রিনি মুখোপাধ্যায়ের হাত ধরে লে রিদম-এর সূচনা হয়েছিল। তাঁর অকালপ্রয়াণের পরেও তাঁর মূল লক্ষ্য ও ভাবধারাকে অক্ষুণ্ণ রাখা হয়েছে।
কী বলছেন রাজীব মুখোপাধ্যায়?
লে রিদম-এর উদ্দেশ্য প্রসঙ্গে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রাজীব মুখোপাধ্যায় জানিয়েছেন, ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্য ছিল রিনি মুখোপাধ্যায়ের। সেই ভাবনাকেই এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা। শিল্প ও সংস্কৃতিকে শুধুমাত্র বিনোদনের মধ্যে আটকে না রেখে সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবেও ব্যবহার করতে চায় লে রিদম।
প্রসঙ্গত, ১২ অক্টোবর পর্যন্ত তসলিমা থাকবেন কলকাতায়। অর্থাৎ পুজোর মরশুমে প্রায় ৫ দিন তসলিমাকে কাছে পাবেন শহরবাসী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)