SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

হাউজফুল শো, তবুও হিন্দি ছবির চাপে হল থেকে সরছে ‘সাধক বামাক্ষ্যাপা’! ক্ষোভ টলিউডে

কাজের দিনেও হাউসফুল শো, দর্শকদের বিপুল ভালোবাসা- তবুও শুক্রবার থেকে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’-কে! একটি আসন্ন হিন্দি ছবির জায়গা করে দিতেই কি বলি হতে হচ্ছে সফল বাংলা ছবিকে? প্রদর্শকদের এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে টলিউড। প্রতিবাদে সরব অনির্বাণ চক্রবর্তী, অরিন্দম শীল, ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রদীপ দাশগুপ্ত।

Written By Soumita Mukherjee
Published: Nov 23, 2026, 17:06 IST | Updated: Nov 23, 2026, 18:19 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরেই ফের একবার কোণঠাসা বাংলা সিনেমা! বক্স অফিসে ভালো ব্যবসা এবং দর্শকদের বিপুল ভালোবাসা পাওয়া সত্ত্বেও, একটি আসন্ন হিন্দি ছবির জায়গা করে দিতে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’-কে। আগামী শুক্রবারেই প্রেক্ষাগৃহ থেকে সরে যেতে চলেছে এই ছবি। এক্সিবিটরের এই সিদ্ধান্তে অত্যন্ত হতাশ ছবির নির্মাতারা এবং ক্ষোভে ফুঁসছেন বাংলা ছবির পরিচালক থেকে শুরু করে অভিনেতারা। ইতিমধ্যেই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনির্বাণ চক্রবর্তী, অরিন্দম শীল, ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের মতো প্রথম সারির অভিনেতা, পরিচালক ও সংগীত পরিচালকরা।

আরও পড়ুন- ‘বহুরূপী’-র পর ফের বড় চমক! রবি কিষাণকে নিয়ে নয়া ছবির প্রস্তুতি নন্দিতা-শিবপ্রসাদের

গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সাধক বামাক্ষ্যাপা’। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া ও ভালোবাসা পাচ্ছে। শুধু সপ্তাহান্তেই নয়, সপ্তাহের প্রতিদিনই বিপুল সংখ্যক দর্শক হলমুখী হচ্ছেন এবং একাধিক শো হাউসফুল যাচ্ছে। ছবির বিষয়বস্তু ও নির্মাণ নিয়ে দর্শকদের মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়ছে। কিন্তু ঠিক এমন সময়েই বজ্রাঘাত! আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে রাজশ্রী প্রোডাকশনস প্রযোজিত এবং যশরাজ ফিল্মস নিবেদিত হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। এক্সিবিটরদের তরফে ‘সাধক বামাক্ষ্যাপা’-র নির্মাতাদের জানানো হয়েছে, এই হিন্দি ছবিটির কারণে শুক্রবার থেকে বাংলা ছবিটির জন্য পর্যাপ্ত শো রাখা সম্ভব হচ্ছে না। ফলে কার্যত বাধ্য হয়েই প্রেক্ষাগৃহ থেকে সরে যেতে হতে পারে ছবিটিকে।

এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করে ছবির নির্মাতারা জানিয়েছেন, অন্য কোনো ছবির মুক্তি বা দর্শক খুঁজে নেওয়ার ক্ষেত্রে তাঁদের কোনো আপত্তি নেই। প্রতিটি ছবিরই ন্যায্য সুযোগ পাওয়া উচিত। কিন্তু যে ছবিটি ইতিমধ্যেই ভালো ব্যবসা করছে এবং দর্শকদের প্রকৃত ভালোবাসা পাচ্ছে, তাকে বলি দিয়ে অন্য ছবিকে জায়গা করে দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। হল এবং শো-এর ন্যায্য ও সমান বণ্টন হওয়া প্রয়োজন, যাতে দুটি ছবিই পাশাপাশি চলতে পারে এবং দর্শকরা তাঁদের পছন্দের ছবি দেখার সুযোগ পান। এক্সিবিটররা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলেও আশা প্রকাশ করেছেন তাঁরা।

বিষয়টি প্রকাশ্যে আসতেই গর্জে উঠেছে বাংলা চলচ্চিত্র জগত। গত ২৫-৩০ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকা জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ও নির্মাতা ইন্দ্রদীপ দাশগুপ্ত বিষয়টিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, কাজের দিনেও হাউসফুল শো থাকা সত্ত্বেও শুধুমাত্র পর্যাপ্ত শো না পাওয়ার কারণে একটি সফল ছবির যাত্রা থমকে যাওয়া মেনে নেওয়া যায় না।

আরও পড়ুন- 'বোরখা পরতে বারণ করলে ৩টে পরব!', হিজাব বিতর্কে মুখ খুললেন শাবানা

অভিনেতা অনির্বাণ চক্রবর্তী কড়া ভাষায় ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “ ‘সাধক বামাক্ষ্যাপা’ নামের বাংলা ছবি, যেটা সপ্তাহ জুড়ে দারুণ প্রশংসিত হয়েছে এবং দারুণ ব্যবসা করছে, সেটাকে আগামী শুক্রবার থেকে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দিতে বাধ্য করা হচ্ছে। বাংলা ছবির জন্য এটা অত্যন্ত খারাপ খবর। একটা হিন্দি ছবি, যেটা এখনও মুক্তি পায়নি এবং এখনও নিজেকে প্রমাণ করেনি, তার কথা ভেবে আগে থেকেই বাংলা ছবির সাথে এই আচরণ অতীতেও বহুবার হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।”

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ ও ‘অত্যন্ত যন্ত্রণাদায়ক’ বলে অভিহিত করেছেন। তাঁর প্রশ্ন, “আর কতবার একটি বাংলা ছবিকে হিন্দি ছবির সামনে নিজেকে প্রমাণ করতে হবে? বাংলা চলচ্চিত্র জগতের দায়িত্বশীল টেকনিশিয়ান হিসেবে আমরা অত্যন্ত বিচলিত। এটা মেনে নেওয়া যায় না।” অন্যদিকে, পরিচালক অরিন্দম শীল বলেন, “সদ্য মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ছবি যখন দুর্দান্তভাবে দর্শকদের মন জয় করছে এবং সর্বত্র প্রশংসিত হচ্ছে, তখন কেন তা বন্ধ হওয়ার মুখে দাঁড়াবে? এমন একটি ছবি যদি প্রেক্ষাগৃহে তার প্রাপ্য সময়টুকু না পায়, তবে তা বাংলা সিনেমার জন্য অত্যন্ত লজ্জার।”

টলিউডে হিন্দি ছবির দাপটে বাংলা ছবির হল হারানোর বিতর্ক নতুন নয়। কিন্তু ‘সাধক বামাক্ষ্যাপা’-র মতো দর্শকটানা ছবিকে যেভাবে মাত্র এক সপ্তাহের মাথায় সরিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বাংলা সিনেমার ভবিষ্যৎ ও প্রদর্শকদের মানসিকতা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ইংরেজি সাহিত্যে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। ২০১২ সালে টেলিভিশনে হাতেখড়ি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ২০২১ থেকে ডিজিটালের দুনিয়ায় প্রবেশ। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, দেড় দশকের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন। তারকাদের প্রশ্ন করাতেই বেশি সাবলীল। তবে শুধু গ্ল্যামার জগতেই আটকে নেই। ভোট কভারেজ থেকে শুরু করে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট কোঅর্ডিনেশন থেকে টিম ম্যানেজমেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী। 
Read More

ZEENEWS TRENDING STORIES