৪৫ মিনিটের আপ্রাণ চেষ্টা ব্যর্থ! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নানা পাটেকর
বলিউডে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। হাসপাতালে শত চেষ্টার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত অভিনেতা ও পরিচালক নানা পাটেকর। গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান শিল্পীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বাড়িতে অভিনেতাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে আসার পর টানা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালানো হয়েছিল। তবে তাঁর শরীর কোনও সাড়া দেয়নি।
তাঁর ছেলে মলহার পাটেকর জানান, গোয়ার ফ্ল্যাটে আচমকাই তীব্র বুকে ব্যথার কথা জানিয়েছিলেন অভিনেতা। খবর পেয়ে দ্রুত একটি মেডিক্যাল টিম সেখানে পৌঁছায়। তবে চিকিৎসকেরা পৌঁছানোর আগেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। ঘটনাস্থলে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি।
এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। গোটা বিষয়টিকে ‘মেডিকো-লিগ্যাল কেস’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে আজই তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হবে।
১৯৭৮ সালে 'গমন' সিনেমার মাধ্যমে রূপোলি পর্দায় পা রেখেছিলেন নানা পাটেকর। দীর্ঘ অভিনয়জীবনে তিনি মোট তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনেতার আসল নাম বিশ্বনাথ পাটেকর। 'পরিন্দা', 'ক্রান্তিবীর', 'ওয়াজুদ', 'যশবন্ত', 'আব তক ছাপ্পান' এবং মরাঠি ছবি 'নটসম্রাট'-এর মতো একাধিক হিট সিনেমায় তাঁর অভিনয় দর্শকের মনে ছাপ ফেলে গিয়েছে।
আরও পড়ুন: চেনা ছবি, নতুন বার্তা! মেয়ের প্রথম জন্মদিনের পরই ফের মা হতে চলেছেন কিয়ারা
২০০০-এর দশকের গোড়ার দিকেও তাঁর বেশ কিছু ছবি ব্যাপক সাড়া ফেলে দেয়। এর মধ্যে রয়েছে 'শক্তি: দ্য পাওয়ার' (২০০২), 'আব তক ছাপ্পান' (২০০৪), 'অপহরণ' (২০০৫) এবং 'ট্যাক্সি নম্বর ৯২১১' (২০০৬)। পাশাপাশি কমেডি ঘরানার ছবি 'ওয়েলকাম' (২০০৭) এবং তার সিক্যুয়েল 'ওয়েলকাম ব্যাক' (২০১৫)-এ গ্যাংস্টার 'উদয় শেট্টি' চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মুখে মুখে ফেরে।
২০১০ সালের রাজনৈতিক থ্রিলার 'রাজনীতি'-তে অনবদ্য অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ারের সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন। পরে ২০১৬ সালে জনপ্রিয় মরাঠি ছবি 'নটসম্রাট'-এর জন্য তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন। কমেডি থ্রিলার 'হাউসফুল ৫'-এও গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন নানা পাটেকর। 'যশবন্ত' (১৯৯৭), 'ওয়াজুদ' (১৯৯৮) এবং 'আঁচ' (২০০৩) ছবিতে প্লেব্যাক গায়ক হিসেবে তাঁর কণ্ঠ শোনা গিয়েছিল। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
আরও পড়ুন: ঠাকুমার মৃত্যুতে শোক নন্দিনীর পরিবারে, এখনও কি খবর জানেন না বিগ বসের প্রতিযোগী?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)