জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চরম পদক্ষেপ জনপ্রিয় ইনফ্লুয়েন্সরের। ভাড়া করা ফ্ল্যাট থেকে উদ্ধার ২৭ বছরের ভি হরিশের ঝুলন্ত দেহ। গত মঙ্গলবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হরিশের বাবার বিস্ফোরক অভিযোগ। তাঁর দাবি, হরিশ লাগাতার হেনস্থা ও অপমানের চাপ সহ্য করতে না পেরেই চরম পথ বেছে নেন। এক ভেঞ্চার স্টুডিয়োর সিইও-র বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ তুলেছেন তিনি।
ফিন্যান্স ইনফ্লুয়েন্সর হিসাবে জনপ্রিয় ছিলেন হরিশ। ইউটিউব এবং ইনস্টাগ্রামে 'ফিন্যান্স উইথ হরিশ' নামের চ্যানেলটি চালাতেন তিনি। হরিশের বাবার অভিযোগ, 'জেমুরিয়া ইনকর্পোরেশন'-এর সিইও জেসন স্যামুয়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হরিশকে নিশানা করছিলেন। এমনকী স্যামুয়েল লাগাতার হরিশের অ্যাকাউন্ট নিয়ে রিপোর্ট করে যাচ্ছিলেন। যার ফলে মেটা হরিশের মূল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেয়। পরে হরিশকে নতুন অ্যাকাউন্ট খুলে ভিডিয়ো পোস্ট করছিলেন।
অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া এবং সোশ্যাল মিডিয়ায় লাগাতার হেনস্থার কারণে হরিশ গভীর মানসিক অবসাদে ভুগছিলেন। এই ঘটনার পূর্ণাঙ্গ পুলিসি তদন্ত দাবি করেছেন হরিশের বাবা। অন্যদিকে, হরিশের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই এক্স হ্যান্ডেল শোকপ্রকাশ করেন অভিযুক্ত জেসন স্যামুয়েল। তবে তিনি সাইবার বুলিংয়ের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। স্যামুয়েলের দাবি, তিনি শুধু তথ্যগত অসঙ্গতি ও আইনভঙ্গের বিষয়টি তুলে ধরেছিলেন।
স্যামুয়েল আরও জানান, হরিশের কাছে সেবি-র রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের কোনও বৈধ লাইসেন্স ছিল না। এছাড়া তিনি নিজের পরিচয় হিসেবে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত 'এআরএন' নম্বরের অপব্যবহার করছিলেন, যা তিনি সম্প্রতিই পেয়েছিলেন।
স্যামুয়েল লেখেন, হরিশের লাইসেন্স সংক্রান্ত জালিয়াতি প্রকাশ্যে আনাই ছিল তাঁর উদ্দেশ্য। তিনি কখনই হরিশকে হেনস্থা করতে চাননি, বরং সঠিক নিয়ম ও লাইসেন্স নিয়ে ফিরে আসার পরামর্শ দিয়েছিলেন। তবে তাঁর এই মর্মান্তিক পরিণতির কথা তিনি ভাবতেও পারেননি বলে দাবি করেছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিসের তরফে কোনও আনুষ্ঠানিক FIR দায়ের করা হয়নি।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)