ঠাকুমার মৃত্যুতে শোক নন্দিনীর পরিবারে, এখনও কি খবর জানেন না বিগ বসের প্রতিযোগী?
Nandini Dutta: দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত নন্দিনীর ঠাকুমা মীরা দত্ত। নন্দিনীর বাবা সন্দীপ দত্ত সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন। আপাতত বিগ বস বাংলার ঘরে রয়েছেন নন্দিনী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগ বস বাংলার প্রতিযোগী নন্দিনী দত্তকে নিয়ে বিতর্কের খামতি নেই। কখনও প্রেম, কখনও কাউকে ফেলে দিয়ে আঘাত করা তো আবার কখনও মুখে কাঁচির ধার। রিয়্যালিটি এই শোয়ে গিয়ে জনপ্রিয় হওয়ার বদলে বিতর্কিত প্রতিযোগী হিসাবে বেশি পরিচিত হচ্ছেন টেলিভিশনের এই জনপ্রিয় মুখ। তবে এবার রাজবীর এবং তাঁর সম্পর্ক নিয়ে কোনও চর্চা নয়, বরং আলোচিত হচ্ছে তাঁর সবথেকে কাছের মানুষকে হারিয়ে ফেলা নিয়ে। প্রয়াত হয়েছেন নন্দিনীর ঠাকুমা মীরা দত্ত।
ইনি ছিলেন অভিনেত্রীর জীবনের অন্যতম প্রিয় মানুষ। নন্দিনীর বাবা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তাঁর মায়ের মৃত্যুর খবর জানান। বুধবার প্রয়াত হয়েছেন তিনি। অভিনেত্রীর বাবা সন্দীপ দত্ত লিখেছেন, ‘দীর্ঘদিন রোগভোগের পরে মা চলে গেল রাত ১১.৩৫-এ।’বর্তমানে বিগ বস বাংলার ঘরে রয়েছেন নন্দিনী। ফলে পরিবারের এই কঠিন সময়ে তাঁর পাশে থাকতে না পারার বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। ঠাকুমার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নন্দিনীর জন্য সমবেদনা জানাতে শুরু করেছেন দর্শকদের একাংশ।
অনেকে আশাও করেছেন নন্দিনীকে এই দুঃসংবাদ জানানো হবে কিনা। বা বিগ বসের ঘর থেকে ১-২দিনের জন্য় বেরিয়ে আসবেন কিনা। যদিও সে ব্যাপারে কোনও বিষয় সামনে আসেনি। এমনিতেই নন্দিনীর সময়টা বেশ কিছুদিন ধরে বেশ অম্লমধুর কাটছে। সম্প্রতি ঘরের ক্যাপ্টেন্সি টাস্কের খেলায় নন্দিনীর অসাবধানতার কারণে মারাত্মক চোট পান সহ-প্রতিযোগী অভিনেত্রী সৃজলা গুহ। চোট এতটাই গুরুতর ছিল যে সৃজলাকে টানা পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।
যদিও সৃজলার কাছে দুঃখ প্রকাশ করেছেন নন্দিনী। বার বার বলেছেন, যা ঘটেছে সেটা খেলার মধ্যে আচমকা ঘটে গিয়েছে, সৃজলা এতটা আঘাত পাবেন, সেটা তিনি বুঝতে পারেননি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)