SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

‘মাটির গভীর থেকে উঠে আসা হিরে, কোথাও অমসৃণ, কোথাও উজ্জ্বল!’, তাপস পালের জন্মদিনে স্বামীকে স্মরণ নন্দিনীর

Tapas Pal Birthday: অভিনেতা তাপস পালের জন্মদিনে তাঁকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ আবেগঘন চিঠি লিখলেন স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় পাল। স্বামীকে স্মরণ করে তিনি লিখেছেন, শারীরিকভাবে পাশে না থাকলেও তাপসকে প্রতিটি মুহূর্তে অনুভব করেন।

Written By Debasmita Das Edited By Debasmita Das
Published: Sep 29, 2026, 10:35 AM IST | Updated: Oct 05, 2026, 02:07 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৯ সেপ্টেম্বর তাপস পালের জন্মদিন। বেঁচে থাকলে এ বছর তাঁর বয়স হত ৬৮ বছর। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি প্রয়াত হন বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতা। প্রতি বছর তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় স্বামীকে স্মরণ করে নিজের মনের কথা লেখেন নন্দিনী। এ বছরও তার ব্যতিক্রম হল না।  প্রয়াত অভিনেতা তাপস পালের জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় পালের। 

তবে এবারের জন্মদিন নন্দিনীর কাছে আরও বিশেষ। কারণ, একই দিনে তাপস-কন্যা সোহিনী পাল ‘বিগ বস বাংলা’র ঘর থেকে বাড়ি ফিরেছেন। আর এই ঘটনাকেই বাবার সঙ্গে মেয়ের এক অদৃশ্য যোগ হিসেবে দেখেছেন নন্দিনী। চিঠির শুরুতেই স্বামীকে উদ্দেশ করে নন্দিনী লেখেন, ‘শুভ জন্মদিন, মাই হাজব্যান্ড।’ এরপরই জানান, তাপস শারীরিকভাবে পাশে না থাকলেও প্রতিটি মুহূর্তে তাঁকে অনুভব করেন। তাঁর কথায়, স্বামীর শারীরিক অনুপস্থিতির যন্ত্রণা ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। 

‘মেয়ের সঙ্গে তুমি সবসময় ছিলে’

সোহিনী বিগ বসের ঘরে থাকার সময়ও বাবা তাঁর পাশে ছিলেন বলে মনে করেন নন্দিনী। তাঁর কথায়, ‘আজ আমাদের মেয়ে বিগ বসের ঘর থেকে বেরিয়ে এসেছে। আমার মনের কোথাও যেন এক গভীর বিশ্বাস আছে, তুমি পুরো সময়টুকু তোমার ছোট্ট মেয়েটার সঙ্গে ছিলে। ওকে দেখেছ, আগলে রেখেছ, নিজের মতো করে রক্ষা করেছ।’ এই জায়গাতেই বাবার সঙ্গে মেয়ের সম্পর্কের গভীরতার কথা উঠে এসেছে নন্দিনীর লেখায়। বিগ বস একটি খেলা হলেও, তাঁর কাছে জীবনের খেলাটাই আরও বড়। কারণ জীবনের পরের মুহূর্তে কী অপেক্ষা করছে, তা কেউ জানে না।

 

‘৪২ বছর পরেও তুমি আমার স্বামী’

নন্দিনী জানিয়েছেন, তাঁদের দাম্পত্যের ৪২ বছর পূর্ণ হয়েছে। মেয়েকে তাপসের দেওয়া সবচেয়ে বড় উপহার হিসেবেও দেখেছেন নন্দিনী। বাবা হিসেবে তাপসের নানা স্মৃতিও তুলে ধরেছেন তিনি- শ্যুটিংয়ে ব্যস্ততার মধ্যেও মেয়ের স্কুলে যাওয়া, তাকে খাওয়ানো, পেরেন্ট-টিচার মিটিং বা স্পোর্টস ডে-তে থাকা, এমনকী মেয়ের ফোন এলেই দ্রুত সাড়া দেওয়ার কথাও লিখেছেন।

‘নিখুঁত মানুষ ছিলে না, মাটির গভীর থেকে উঠে আসা হিরে’

তাপসকে নিয়ে নন্দিনীর লেখার অন্যতম আবেগঘন অংশ তাঁর এই স্বীকারোক্তি। তিনি লিখেছেন, তাপস নিখুঁত মানুষ ছিলেন না। কিন্তু তিনি কোনও ‘ল্যাবে তৈরি হিরে’ও ছিলেন না। বরং ‘মাটির গভীর থেকে উঠে আসা হিরে’-কোথাও অমসৃণ, কোথাও উজ্জ্বল। জীবন, ভালোবাসা, ভুল, অনুতাপ এবং অভিজ্ঞতা তাপসকে ধীরে ধীরে তৈরি করেছিল বলেই মনে করেন নন্দিনী। স্বামীর ভালো দিক যেমন দেখেছেন, তেমনই তাঁর ভুল ও সেই ভুলের জন্য বয়ে বেড়ানো অনুতাপও দেখেছেন বলে জানিয়েছেন।

তাপসের আক্ষেপের কথাও স্মরণ

নন্দিনীর চিঠিতে তাপস পালের জীবনের কিছু আক্ষেপের কথাও উঠে এসেছে। বিশেষ করে পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে তাঁর সম্পর্ক এবং তাঁকে হতাশ করার যে অনুশোচনা তাপস নিজের মধ্যে বহন করতেন, সেই প্রসঙ্গও উল্লেখ করেছেন নন্দিনী। তাপসকে বারবার নিজের মানুষ ও দর্শকদের সামনে গিয়ে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু তাপস নিজের সিদ্ধান্তেই সেই পথ বেছে নেননি।

‘তোমার মেয়ের জন্য গর্বিত হও’

সোহিনীর প্রসঙ্গে নন্দিনী আরও লিখেছেন, তাঁর মেয়ে বাবার মতোই নিজের মতো করে জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বিগ বসের ঘর থেকে ট্রফি না পেলেও সোহিনী মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে ফিরেছে—এটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। বাবার জন্মদিনে মেয়ের এই ঘরে ফেরাকে তাই অত্যন্ত অর্থপূর্ণ বলে মনে করেছেন নন্দিনী। তাপস পালের উদ্দেশে তাঁর বার্তা, মেয়ে আজ নিজের মতো করে পৃথিবীর সামনে দাঁড়িয়েছে, আর বাবা-মা হিসেবে তাঁরা দু’জনেই মেয়েকে নিয়ে গর্বিত।

শেষে স্বামীকে উদ্দেশ করে নন্দিনী জানিয়েছেন,  ‘Happy Birthday, my love’, তাপসের প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধা অটুট থাকবে। তিনি বিশ্বাস করেন, মানুষ শারীরিকভাবে চলে গেলেও তাঁর ভালোবাসা থেকে যায়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES