জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের হারিয়ে যাওয়া অভিনেতা শরদ কাপুর। তাঁর কাছের বান্ধবী হেমা চৌধুরী। হেমার ভিডিয়ো ভাইরাল হতেই একসময়ের বিখ্যাত অভিনেতার সাম্প্রতিক শোচনীয় পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছে গোটা দেশ। শরদের একই সঙ্গে স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে। তার সঙ্গেই তীব্র অর্থ সংকটের মধ্যে তিনি। বলিউড কাট আনকাট পডকাস্টে হেমা বলেন তিনি, শরদের এলাকায় কিছু কুকুরকে উদ্ধার করতে গিয়েছিলেন। বলে রাখা ভালো হেমা মুম্বইয়ের বেজুবান পাবলিক ওয়েলফেয়ার ট্রাস্ট চালান। যা এক বেসরকারি পশুকল্যাণ সংস্থা। এই এনজিও মূলত পথের অসহায় ও গৃহহীন প্রাণীদের সেবা ও সুরক্ষার কাজ করে। হেমা বলেন তিনি শরদের ঘরের পরিবেশ দেখে তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অভিনেতার স্বাস্থ্য ও পরিস্থিতির অবনতি দেখে তিনি এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যে, তিনি বিষয়টি চলচ্চিত্র শিল্পের নজরে আনার সিদ্ধান্ত নেন এবং অন্যদের কাছে সাহায্যেরও আবেদন জানান।
কী বলছেন হেমা
পডকাস্টে হেমা জানান যে, তিনি শরদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনও সাড়া পাননি। হেমা বলেন, 'হয়তো ততদিনে শরদ কাজ পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আমি যখন ওর ভাইয়ের সঙ্গে কথা বলি, তখন ও জানায় যে, শরদ তাঁর কাছে গিয়েছিলেন ছোট ভাইকে নিয়ে আসার জন্য। এরপর আমি যখন আবার তাঁর ভাইকে ফোন করার চেষ্টা করি, তিনি কিন্তু আর সাড়া দেননি। আমি তাঁকে বলেছিলাম, ওর আপনাকে প্রয়োজন। কিন্তু তিনি আর আমাকে ফোন করেননি। সম্ভবত তিনি শরদকে নিয়ে আগ্রহী নন। হতে পারে সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয় বা অন্য কিছু।' হেমার দাবি অভিনেতা প্রায় দু'বছর ধরে স্নান করেননি! এমনকি বিছানা থেকেও ওঠেননি! শরদের বান্ধবী বলেন, 'তিন-চারজন শরদের মৃত্যুর অপেক্ষায় ছিল। ও প্রায় ৯৯ শতাংশ মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিল! ওই কুকুরগুলোই আমাকে ওর কাছে নিয়ে গেল। আমি সবসময় অসহায় প্রাণীদের (যাদের কণ্ঠস্বর নেই) কথা শুনি। কুকুরগুলিকে উদ্ধার করার সময় শরদের সঙ্গে আমার দেখা হয়। ও দু'বছর স্নান করেনি, বিছানা থেকেও ওঠেনি। কেউ ওকে ফোন করেনি। খেয়েছে কি না, তা-ও জানতে চায়নি! ফলে ও ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল।' হেমা তাঁর জীবনযাপনের অবস্থাকে অত্যন্ত শোচনীয় বলেই বর্ণনা করেছেন। তিনি জানান পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, বাইরের কারোর হস্তক্ষেপ ছাড়া সেখানে কারোর পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব ছিল। হেমার মতে শরদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য জরুরি ভিত্তিতে সাহায্যের প্রয়োজন ছিল।
আরও পড়ুন: আমিরের কিচেনে উদ্দাম কঙ্গনা-হৃতিক! কেঁপে গেল ইন্ডাস্ট্রি, খবর জানাজানি হতেই ...
পাশে সোনু-সলমান
সোশ্যাল মিডিয়ায় এক ভিডয়োতে শরদ বলেছেন, 'আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, তা আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল তথ্য তুলে ধরা হচ্ছে। হাতে পায়েস ধরিয়ে দেওয়া হচ্ছে, অথচ কে কী করছেন, তা কিছুই বোঝা যাচ্ছে না। বিষয়টি আমার একেবারেই বোধগম্য হচ্ছে না।' সোনু সুদ থেকে শুরু করে সলমান খান ও অমিতাভ বচ্চন-সহ ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন শরদের সাহায্যে এগিয়ে এসেছেন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)