তিনগুণ বাড়ছে বোনাস? পুজোর আগেই হাতে মোটা টাকা! সরকারের কাছে বিরাট দাবি ডাক কর্মচারীদের
Two bonuses before Puja: চিঠিতে ১৭ অক্টোবরের মধ্যে ২০২৫-২৬ অর্থবর্ষের 'প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস' বা PLB কর্মচারীদের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ক্যাবিনেট সচিবকে চিঠি দিয়ে বোনাসের বেতন সীমা ৭,০০০ টাকা থেকে বাড়িয়ে অবিলম্বে ২১,০০০ টাকা করার দাবি জানিয়েছে ডাক কর্মচারীদের সংগঠন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুজো ও দীপাবলির উৎসবের মরসুম দরজায় কড়া নাড়ছে। আর ঠিক পুজোর মুখেই নিজেদের আর্থিক নিরাপত্তা ও পাওনাগন্ডা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বড় দাবি পেশ করলেন দেশের ডাক বিভাগের কর্মচারীরা। 'জয়েন্ট কাউন্সিল অফ পোস্টাল এমপ্লয়িজ' (JCPE)-র পক্ষ থেকে সম্প্রতি ডাক বিভাগের সচিবকে একটি চিঠি পাঠানো হয়েছে। যে চিঠিতে ১৭ অক্টোবরের মধ্যে ২০২৫-২৬ অর্থবর্ষের 'প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস' বা PLB কর্মচারীদের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।
চলতি বছরে ১৭ অক্টোবর থেকে দুর্গাপুজো শুরু হতে চলেছে। ২১ অক্টোবর বিজয়া দশমী। ৮ নভেম্বর দিওয়ালি। টানা এই উৎসবের মরশুমে প্রতি ঘরেই কেনাকাটা, গৃহস্থালি কাজ ও নানা অনুষ্ঠানে বাড়তি খরচ হয়। সেই কারণেই ১৭ অক্টোবরের সময়সীমা বেঁধে দিয়ে বোনাস মেটানোর অনুরোধ জানিয়েছে সাতটি পোস্টাল ইউনিয়নের এই যৌথ মঞ্চ। তবে শুধু পুজোর আগে দ্রুত বোনাস দেওয়ার দাবি নয়, এবার বোনাসের হিসেবে এক বড় পরিবর্তনের দাবিও তুলেছেন কর্মচারীরা।
বর্তমানে বোনাসের হিসাবের জন্য সর্বোচ্চ যে 'ওয়েজ সিলিং' বা বেতন সীমা ধরা হয়, তা হল মাত্র ৭,০০০ টাকা। অথচ সম্প্রতি শ্রম মন্ত্রকের ‘কোড অন ওয়েজেস, ২০১৯’-এর সংশোধিত নির্দেশিকা অনুযায়ী কেন্দ্রীয় সংস্থায় ন্যূনতম বেতন বৃদ্ধি পেয়ে হয়েছে ২১,০০০ টাকা। এই ন্যূনতম বেতন বৃদ্ধিকে হাতিয়ার করেই ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM)-র প্রতিনিধিরা ক্যাবিনেট সচিবকে চিঠি দিয়ে বোনাসের বেতন সীমা ৭,০০০ টাকা থেকে বাড়িয়ে অবিলম্বে ২১,০০০ টাকা করার দাবি জানিয়েছেন।
এখন মোদী সরকার যদি এই প্রস্তাব অনুমোদন করে, তবে বোনাস গণনার মূল ভিত্তিটি এক লাফে তিনগুণ বেড়ে যাবে! ফলে এ বছর পুজোর মুখে ডাককর্মীরা আগের তুলনায় অনেক বড় অঙ্কের বোনাস হাতে পাবেন। বর্তমানে একদিকে যখন অষ্টম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো নিয়ে দেশজুড়ে নানাবিধ জল্পনা চলছে, ঠিক তখনই ডাককর্মীদের এই দাবি নতুন এক মাত্রা যোগ করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)