শিলিগুড়ির শান্তিনগরে দুঃসাহসিক ছিনতাই! স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিস
Siliguri Crime News: শিলিগুড়ির শান্তিনগরে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও মারধর। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা। নগদ টাকা ও ২০০ গ্রাম সোনা ভর্তি ব্যাগ ছিনিয়ে চম্পট দিল চার দুষ্কৃতী। ঘটনার তদন্তে ভক্তিনগর থানার পুলিশ।
নারায়ণ সিংহ রায়: রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ধরে ছিনতাইয়ের অভিযোগ। শিলিগুড়ির শান্তিনগরের পঞ্চানন রোড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় উত্তম সরকার নামে এক গয়না ব্যবসায়ীর কাছ থেকে ২০০ গ্রাম সোনা ও নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার দুষ্কৃতীর বিরুদ্ধে। বাধা দিতে গেলে তাঁকে হেনস্তা করা হয় এবং পালানোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ।
ব্যবসায়ীর বয়ান অনুযায়ী, দোকান থেকে বাড়ি ফেরার পথেই আচমকা তাঁর সামনে এসে দাঁড়ায় চারজন। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপর তাঁর কাছে থাকা ব্যাগটি কেড়ে নেয় দুষ্কৃতীরা। ব্যাগ ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করলে তাঁকে ড্রেনে ফেলে দেওয়া হয়। এই ঘটনার তদন্তে সকাল থেকেই তৎপর পুলিশ। চলছে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ। রাতের অন্ধকারে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায়।
গতকাল রাতে ঘটে যাওয়া এই ঘটনায় তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আধিকারিকরা। ঘটনার পর আজ সকাল থেকেই ফের তৎপর হয়ে উঠেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চালান ভক্তিনগর থানার ডিটেকটিভ ডিপার্টমেন্ট (ডিডি) এবং আশিঘর আউটপোস্টের পুলিশকর্মীরা। এলাকার বিভিন্ন অলিগলি ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। ঠিক কীভাবে এই ছিনতাইয়ের ঘটনা ঘটল, কারা এর সঙ্গে জড়িত এবং ঘটনার পিছনে আর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনার সময় আশপাশের রাস্তায় কারা যাতায়াত করছিলেন, সন্দেহজনক কাউকে দেখা গিয়েছিল কি না এবং অভিযুক্তরা কোন পথে ঘটনাস্থলে এসেছিল বা এলাকা ছেড়েছিল, সেই সমস্ত বিষয়ের সূত্র খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি এলাকার বিভিন্ন অলিগলি এবং স্থানীয়দের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
অন্যদিকে, ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে রাতের বেলায় জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ছিনতাইয়ের ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এর আগে কোনদিন তাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি বা তাদের এরকম ঘটনার সম্মুখীন হতে হয়নি। এলাকাবাসীদের দাবি,অতি দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের করা হোক। কিছু লোক পুলিশ প্রশাসনকে আরেকটু সজাগ থাকার বার্তাও দিচ্ছেন তারা।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ছিনতাইয়ের সঙ্গে কারা জড়িত এবং সঠিক কত পরিমাণ সোনা ও অর্থ খোয়া গিয়েছে, সে বিষয়ে পুলিশের হাতে নিশ্চিত তথ্য সামনে আসেনি। এখন দেখার, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কত দ্রুত এই ছিনতাই-কাণ্ডের কিনারা করতে পারে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)