জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সুখবর। বিরাট আর্থিক স্বস্তির খবর নিয়ে এল রাজ্য সরকার। একলাফে বেতন বাড়ল সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত! পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য় সরকার। বর্তমান বেতনের ওপর ভিত্তি করে এই বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যার ফলে কর্মীদের প্রতি মাসে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত বেতন বা পারিশ্রমিক বাড়তে চলেছে।
এই বেতন বৃদ্ধি মূলত তিনটি স্তরে কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে। কারা কত পাবেন? প্রথম স্তরে যাঁদের বর্তমান মাসিক পারিশ্রমিক ২৫০০০ টাকা, তাঁরা প্রতি মাসে অতিরিক্ত ৫,০০০ টাকা করে বেশি পাবেন। দ্বিতীয় স্তরে যাঁদের মাসিক পারিশ্রমিক ২৫,০০১ টাকা থেকে ৪৫,০০০ টাকার মধ্যে, তাঁরা মাসে অতিরিক্ত ৭,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবেন। আর তৃতীয় স্তরে যাঁদের মাসিক পারিশ্রমিক ৪৫,০০০ টাকার বেশি, তাঁরা প্রতি মাসে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত পারিশ্রমিক পাবেন। অর্থাৎ কোনও কর্মীর বর্তমান বেতন যদি ২০,০০০ টাকা হয়, তবে তা বেড়ে ২৫,০০০ টাকা হবে। একইভাবে ৩০,০০০ টাকা বেতনপ্রাপ্ত কর্মীর ক্ষেত্রে তা বেড়ে ৩৭,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা বেতন পাওয়া কর্মীর পারিশ্রমিক বৃদ্ধি পেয়ে সরাসরি ৬০,০০০ টাকা হবে।
১ নভেম্বর থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে। তবে ভবিষ্যতে আর নিজ দায়িত্বে বেতন বাড়াতে পারবে না দপ্তরগুলি। এর জন্য অর্থ দপ্তরের পূর্ব পর্যালোচনা ও চূড়ান্ত অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি, এই বেতন বৃদ্ধির আওতা থেকে নির্দিষ্ট কিছু ক্যাটেগরির কর্মীদের বাইরে রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে অর্থ দপ্তরের ২০১১ সালের নির্দেশিকাভুক্ত পৃথক বেতন কাঠামোর কর্মীরা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ ও কল্যাণ দপ্তরের আইটি কর্মীরা, সিএইচসিএমআই কর্মীরা, চুক্তিভিত্তিক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়াররা, ব্লক স্তরের অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরতরা। সেইসঙ্গে বিগত ২ বছরের মধ্যে যাদের বেতন বেড়েছে তাঁরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)