সরকারের 'মুখপাত্র' ৩ মন্ত্রী! কাদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী? শমীকের মন্তব্যের পরই পদক্ষেপ
'মন্ত্রীরা নিজেদের দফতর নিয়ে নিশ্চয়ই তাঁদের প্রয়োজনীয় তথ্য সাংবাদিকদের জানাবেন। আর সরকারের কাজকর্মের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে হলে এই তিন জন বলবেন'।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: রাজ্য সরকার তরফে বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে যেকোনও মন্ত্রী আর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। নির্দিষ্টভাবে তিন মন্ত্রীকে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন, 'মন্ত্রীরা নিজেদের দফতর নিয়ে নিশ্চয়ই তাঁদের প্রয়োজনীয় তথ্য সাংবাদিকদের জানাবেন। আর সরকারের কাজকর্মের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে হলে এই তিন জন বলবেন'।
আরও পড়ুন: রাজ্য়ে এবার 'নিরামিষ' মা-আহার! বৈষ্ণবদের জন্যও থাকছে স্পেশাল মেনু
আজ, নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিক সম্মেলনে শুরুতেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, 'সংশ্লিষ্ট দফতরের বাইরে রাজ্য় সরকার পক্ষ থেকে সংবাদমাধ্য়মের সঙ্গে কথা বলবেন তাপস রায়, দীপক বর্মন, আর হিন্দি সংবাদমাধ্যমের ক্ষেত্রে কথা বলবেন উমেশ রাই'।
আরও পড়ুন: মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা! নতুন বছরেই বাড়ছে বাসের ভাড়া?
গত শুক্রবারই সরকারি কাজকর্ম নিয়ে মন্ত্রীদের বিরক্তি প্রকাশ করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। প্রয়াত প্রাক্তন অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে ‘সেবাদূত’ কর্মসূচি পালন করছে বিজেপি। এ রাজ্য়ে কীভাবে কর্মসূচি চলবে? জেলার নেতৃত্ব বুঝিয়ে দিতে বৈঠক ডেকেছিলেন শমীক। সেখানেই তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীকে বলব, সরকারের অবস্থান বা বক্তব্য জানানোর দায়িত্ব নির্দিষ্ট ভাবে কাউকে দিতে। সবাই যেন সব বিষয়ে মুখ না খোলেন'। পাশেই ছিলেন দলের সর্বভারতী সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনসলও।
শুক্রবার রাতেই রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক হয়। সূত্রের দাবি, সেই বৈঠকে আলোচনার ফাঁকেই শুভেন্দু ও শমীকের সঙ্গে এই বিষয় নিয়ে বনসলের কথা হয়। তখনই দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়ে গিয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)