বদলের বাংলায় ফের শিল্প সিঙ্গুরে! কীভাবে জমির ব্য়বস্থা? 'আমরা...' স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
'ওই জমিতে কৃষকরা কিছুই করতে পারছেন না। ওরা ২ বার ক্ষতিপূরণ পেয়েছেন। আমরা তাদের থেকে জমি নিতে চাইছি, ৯৯৭ একর মত নেব'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলে বাংলায় ফের খবরের শিরোনামে সিঙ্গুর। মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর ঘোষণা, 'আমরা জমি কিনব। সিঙ্গুরেও কেনার কথা বলেছি। আমদের কাছে প্রপোজাল আছে। কিনে কাকে দেব সেটা দেখবেন। কিছু না কিছু হবে'।
আরও পড়ুন: অকালবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রাজ্য়! আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী বলেন, 'ওই জমিতে কৃষকরা কিছুই করতে পারছেন না। ওরা ২ বার ক্ষতিপূরণ পেয়েছেন। আমরা তাদের থেকে জমি নিতে চাইছি, ৯৯৭ একর মত নেব। সোলার পাওয়ার, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জমি কিনছি। পুরুলিয়াতেও কিনছি, ব্যারাকপুরে কিনছি। ৪ থেকে১০ হাজার একর জমি আমরা নিজেরা কিনব। কিনে দেব। ভাঙর এলাকা নিউটাউন এলাকা জমি দিতে চাইলে আমরা কিনতে চাই' ।
মুখ্যমন্ত্রী জানান, আদানি মেডি সিটি করছে। আম্বানি গ্রুপ ১৭ একর কিনে নিয়ে একটা মন্দির করছে, রিলিজিয়াস সিটি করছে। বিধানসভা ও হাইকোর্ট নিয়ে একটা বড় ক্যাম্পাস করছি নিউটাউনে। যেখানে মন্ত্রী বাংলো থাকবে, জাজদের থাকার ব্যবস্থাও থাকবে । ২০১৩-র যে ল্যান্ড পার্চেস স্কিম অনুযায়ী কিনব। মাথা ফাটিয়ে , গুলি চালিয়ে জমি নেওয়ার বিরোধী'।
শিরোনামে সিঙ্গুর
ন্য়ানো বিদায়ের পর প্রায় ২ দশক পার। সিঙ্গুরে শিল্পের আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রীকে ধন্য়বাদ জানিয়ে পোস্টার পড়েছে এলাকায়। এর আগে, যেদিন রাজ্যের শিল্পনীতি ঘোষণা হয়, সেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, 'সিঙ্গুর নিয়ে অবশ্যই আমরা কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করব। অশোক লে-ল্যান্ডের সঙ্গে আমার প্রাথমিক স্তরের কথা হয়েছে'। বলেছিলেন,'আমরা আগের সরকারের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে কেবল মৌ স্বাক্ষর করেই দায় সারব না, তাই এখনই বিস্তারিত কিছু বলছি না'।
সিঙ্গুরে শিল্প
সাল ২০০৭। বাংলায় তখন ক্ষমতায় বামেরা। স্লোগান উঠেছিল, কৃষি আমাদের ভিত্তি, 'শিল্প আমাদের ভবিষ্যত্'। সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা করার কথা ঘোষণা করেন টাটা গোষ্ঠীর তত্কালীন চেয়ারম্যান রতন টাকা। কিন্তু সিঙ্গুরে কারখানার জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনে নামেন রাজ্য়ের তত্কালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের মুখে শেষপর্যন্ত ন্যানোর কারখানা চলে যায় গুজরাতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)