রাজ্যে তৈরি হচ্ছে জাদুচর্চার স্কুল, গড়া হবে সংগ্রহশালাও
School Of Magic: স্কুল তৈরির জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রধান পরামর্শদাতা পি সি সরকার জুনিয়র
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: একসময় বাংলা থেকেই জাদু দুনিয়া কাঁপিয়েছিলেন পি সি সরকার। বিশ্বের বিভিন্ন জায়গায় এখনও চলে জাদুচর্চা। এবার বাংলাতেই তৈরি হচ্ছে জাদুচর্চার স্কুল। সেই স্কুলের অ্যডভাইসরি কমিটির বৈঠক হয়ে গেল শনিবার। কথা হল স্কুলের রূপরেখা নিয়ে।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে তৈরি হতে চলেছে জাদুচর্চার স্কুল। একই সঙ্গে স্থাপিত হবে বাংলার জাদুচর্চার উপর একটি সংগ্রহশালা। এজন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কিংবদন্তি জাদুকর পি সি সরকার (জুনিয়র) এই কমিটির প্রধান পরামর্শদাতা হিসাবে থাকবেন। এছাড়া অন্যান্য বিশিষ্ট জাদুশিল্পীরা কমিটির বিভিন্ন পদে থাকবেন।
শনিবার নন্দন সভাঘরে কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন বিভাগের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং সচিব সৌমিত্র মোহন। স্ত্রী জয়শ্রী ও কন্যা মানেকার সঙ্গে উপস্থিত ছিলেন পি সি সরকার নিজেও।
ওই স্কুলের নাম হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল অব ম্যাজিক, ইলিউশন অ্যান্ড পারফরমিং আর্টস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)