অর্ণবাংশু নিয়োগী: দীর্ঘ দু’ বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি। অবশেষে সুপ্রিম কোর্টে মিলল স্বস্তি। জামিন পেলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআইয়ের দায়ের করা আর্থিক দুর্নীতির মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ। কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে জামিন দিল শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের জামিন খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করে।
মামলায় মোট ১৪৭ জন সাক্ষীকে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও বিচারপ্রক্রিয়ার গতি ছিল অত্যন্ত মন্থর, ধীর। এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত মাত্র ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হয়েছে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে জামিন দেওয়ার প্রধান ভিত্তি হিসেবে বিচারপ্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতা এবং অভিযুক্তের দীর্ঘমেয়াদি বন্দিদশাকেই মান্যতা দেয়। প্রসঙ্গত, এর আগে কলকাতার বিশেষ সিবিআই আদালত এবং পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্ট সন্দীপ ঘোষের জামিনের আবেদন জোরালোভাবে খারিজ করে দিয়েছিল।
হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, দুর্নীতির অভিযোগ অত্যন্ত গুরুতর এবং তা সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত। সন্দীপ ঘোষ একজন প্রভাবশালী ব্যক্তি। তাই তিনি বাইরে এলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বা তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারেন। যদিও সিবিআইয়ের আর্থিক দুর্নীতির মামলায় শীর্ষ আদালত থেকে জামিন মিললেও এখনই জেলমুক্তি ঘটছে না।
কারণ আরজি কর ধর্ষণ মামলার জেরে সন্দীপ ঘোষের এখনই কারামুক্তি ঘটেছে না। কিন্তু আর্থিক দুর্নীতির মামলায় ধীরগতির বিচারব্যবস্থার কারণে শীর্ষ আদালতের কড়া পর্যবেক্ষণ তদন্ত প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুলে দিল। ওদিকে দু'বছর পর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে বড় স্বস্তি পেলেন, তা বলাই বাহুল্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)